বন্যার ঝুঁকিতে দেশের আরও যেসব অঞ্চল

বন্যার ঝুঁকিতে দেশের আরও যেসব অঞ্চল

ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির উদ্ভব হয়েছে। সেই সঙ্গে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বেশ কয়েকটি জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এই অবস্থায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের আরও ৫ জেলায় বন্যা পরিস্থতির সৃষ্টি হতে পারে। শুক্রবার (১০ জুলাই) এক পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বন্যার ঝুঁকিতে দেশের আরও যেসব অঞ্চল

দেশের নদ-নদীর বর্তমান অবস্থা তুলে ধরে পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, ফেনী ও সেলোনিয়া নদীগুলোর পানি সমতল হ্রাস পেয়েছে। পাশাপাশি এই সময়ে গোমতী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী ইত্যাদি নদীর পানি সমতল ধীরগতিতে হ্রাস পেতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলসমূহে বন্যা পরিস্থিতির ধীর গতিতে উন্নতি হতে পারে।

এদিকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা নদীগুলোর পানি সমতল কিছু কিছু স্থানে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের ধলাই ও খোয়াই নদীর পানি সমতল হ্রাস পেয়েছে এবং মনু নদীর পানি সমতল মৌলভীবাজার পয়েন্টে বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই, খোয়াই ইত্যাদি নদীর পানি সমতল ধীরগতিতে হ্রাস পেতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলসমূহে বন্যা পরিস্থিতির ধীর গতিতে উন্নতি হতে পারে। অন্যদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভুগাই-কংস ইত্যাদি নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে কিছু কিছু স্থানে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে ও নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ৪৮ ঘণ্টা এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে। ফলে এই সময়ে সিলেট ও সুনামগঞ্জ জেলায় কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে এবং সুরমা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে কিছু কিছু স্থানে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এছাড়াও আগামী ৭২ ঘণ্টায় লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

Scroll to Top