বর্ষার টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। কোথাও কোথাও পরিস্থিতির উন্নতির আভাস মিললেও, নতুন করে আরও কয়েকটি জেলায় বন্যা বিস্তারের আশঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এমন দুর্যোগের মধ্যেই বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা। সেই তালিকায় এবার যুক্ত হলেন অভিনেত্রী জয়া আহসান।
নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’-এর প্রচারণার কাজে বর্তমানে কলকাতায় ব্যস্ত থাকলেও, তার মন পড়ে আছে দেশের বন্যাদুর্গত মানুষের কাছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেত্রী।
জয়া লেখেন,“গত কয়েকটা দিন ধরে চারদিকের জলমগ্ন ছবিগুলো, মানুষের হাহাকার আর অসহায়ত্ব দেখে কিছুতেই চোখ ফেরাতে পারছি না। বুকটা ভারী হয়ে আসছে। আমাদের দেশটা আজ কী ভীষণ এক দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে। জলমগ্ন প্রতিটি মুখ, আশ্রয়হীন প্রতিটি পরিবার আর অবোধ শিশুদের জলছল চোখগুলো সারাক্ষণ চোখের সামনে ভাসছে।”
তবে তার মতে, বন্যার আসল লড়াই কেবল পানি কমার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং পানি নেমে যাওয়ার পরই শুরু হবে আরও কঠিন সময়। কারণ তখন পানিবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই এখন থেকেই সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জয়া বলেন, নিরাপদ পানি ও শুকনো খাবারের পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বৃদ্ধ মানুষ, গর্ভবতী নারী এবং শিশুদের প্রতি। নোংরা পানি ও স্যাঁতসেঁতে পরিবেশ থেকে তাদের নিরাপদে রাখার পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়ার অনুরোধ জানান তিনি।
শুধু মানুষ নয়, বন্যার সময় অবহেলিত গৃহপালিত প্রাণীদের প্রতিও সহমর্মী হওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, এই অবোলা প্রাণীরা তাদের কষ্ট প্রকাশ করতে পারে না। তাই সাধ্যমতো তাদের জন্য নিরাপদ আশ্রয় ও খাবারের ব্যবস্থা করার অনুরোধ জানান।
পোস্টের শেষাংশে জয়া আহসান লিখেছেন,“দুর্যোগ হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছে, কিন্তু আমাদের ভেতরের মনুষত্ব আর সহমর্মিতা যেন হেরে না যায়। আমরা যদি নিজের জায়গা থেকে সচেতন হই, একে অপরের হাতটা শক্ত করে ধরি এই কঠিন সময় ঠিকই কেটে যাবে।”




