বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি | চ্যানেল আই অনলাইন

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সাম্প্রতিক অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ঢাকার বিভিন্ন এলাকার পানিবন্দী মানুষের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ করেছে গুলশান সোসাইটি।

মঙ্গলবার ১৪ জুলাই সোসাইটির উদ্যোগে বন্যাদুর্গত ও অসহায় মানুষের জন্য রান্না করা খাবার বিতরণ কর্মসূচি পরিচালিত হয়।

মানবিক এ কার্যক্রমে উপস্থিত ছিলেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, মহাসচিব মজিবুর রহমান মৃধা এবং সোসাইটির অন্যান্য সদস্যরা।

খাবার বিতরণকালে ব্যারিস্টার ওমর সাদাত বলেন, বন্যার কারণে অনেক মানুষ মানবেতর জীবনযাপন করছেন। এই পরিস্থিতিতে অভুক্ত ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানো নাগরিক ও নৈতিক দায়িত্ব। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গুলশান সোসাইটি সবসময় মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বন্যাকবলিত মানুষের জন্য বর্তমানে জরুরি খাদ্য ও বিশুদ্ধ পানির প্রয়োজন সবচেয়ে বেশি। গুলশান সোসাইটি নিজেদের সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে কাজ করছে। একই সঙ্গে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সোসাইটির সদস্য ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে সুশৃঙ্খলভাবে পানিবন্দী মানুষের হাতে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়।

গুলশান সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এবং ক্ষতিগ্রস্ত মানুষ স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত মানবিক সহায়তা কার্যক্রম পর্যায়ক্রমে চালিয়ে যাওয়া হবে।

Scroll to Top