বক্স অফিসে বড় ধাক্কা খেলো যশের ‘টক্সিক’ | চ্যানেল আই অনলাইন

মুক্তির প্রথম দিনেই বলিউড বক্স অফিসে ‘সেঞ্চুরি’ হাঁকিয়েছিল দক্ষিণী অভিনেতা যশের প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘টক্সিক’। আয়ে মুক্তির প্রথম ৫ ঘণ্টায় চলতি বছরে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমাকে পেছনে ফেলে ঢুকে যায় ১০০ কোটি রুপির ক্লাবে। তবে দ্বিতীয় দিনেই সেই আয়ে ঘটলো পতন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক ধাক্কায় ছবিটির আয় কমেছে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, দ্বিতীয় দিনে ছবিটি ভারতে প্রায় ৩৬.৪০ কোটি রুপি আয় করেছে। প্রথম দিনের তুলনায় আয়ের পরিমাণ প্রায় ৬৪% কমে গেছে। প্রথম দিনের ১০১.১০ কোটির সঙ্গে দ্বিতীয় দিনের আয় যুক্ত হয়ে ভারতে দুই দিনে ‘টক্সিক’-এর মোট নিট সংগ্রহ দাঁড়িয়েছে ১৩৭.৫০ কোটি রুপি।

তবে বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার ছবিটির আয় আরো ২৯.৩% কমেছে। ছবি বক্স অফিসে ২৬.৬০ কোটি টাকা আয় করেছে। আয়ের এই পতনের ফলে ছবিটি ১৬০ কোটি টাকার অঙ্ক অতিক্রম করেছে।

ভারতে যশের ছবির মোট সংগ্রহ ১৯৭.৭০ কোটি টাকায় পৌঁছেছে। এদিকে, ভারতে ছবিটির নেট সংগ্রহ ১৬৫.৩৫ কোটি টাকায় পৌঁছেছে। সিনেমাটি বিশ্বব্যাপী ২২১.৪৫ কোটি টাকা সংগ্রহ করেছে।

এর আগে টক্সিক বক্স অফিসে ধুরন্ধর ২-এর মুখোমুখি হওয়ার কথা ছিল। যদিও পরবর্তীতে যশের সিনেমাটি পিছিয়ে দেওয়া হয় মধ্যপ্রাচ্যের অশান্তির আবহে। তবে বর্তমানে বক্স অফিস সংগ্রহ থেকে স্পষ্ট, সেইসময় মুক্তি পেলে যশ-কিয়ারার ছবির বক্স অফিস হত আরও টালমাটাল। কারণ প্রথম তিন দিনে ধুরন্ধর ২ আয় করেছিল ২৯৭ কোটির আশেপাশে।

শুক্রবারের ‘টক্সিক’ শো-এ দর্শক উপস্থিতির তথ্য অনুযায়ী, সকালের শো-তে দর্শক উপস্থিতি ছিল ১১.৬২ শতাংশ। দুপুরের শো-তে দর্শক উপস্থিতি ছিল ২৫.০৮ শতাংশ এবং সন্ধ্যার শো-তে দর্শক উপস্থিতি ছিল ৩০.৬৯ শতাংশ। শুক্রবারের শোগুলোর গড় দর্শক উপস্থিতি ছিল ২২.৪৬ শতাংশ।

‘টক্সিক’ ছবিটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস। এটি একটি অ্যাকশন ক্রাইম থ্রিলার সিনেমা। যশ এই ছবিতে নয়নতারা, হুমা কুরেশি এবং কিয়ারা আডবানির মতো অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করেছেন। ছবিটিতে যশ এবং কিয়ারার কিছু সাহসী দৃশ্য রয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

Scroll to Top