বইমেলায় পল্লব মোহাইমেনের নতুন বই “প্রযুক্তির এই দিনে” | চ্যানেল আই অনলাইন

বইমেলায় পল্লব মোহাইমেনের নতুন বই “প্রযুক্তির এই দিনে” | চ্যানেল আই অনলাইন

অমর একুশে বইমেলা ২০২৬-এ পল্লব মোহাইমেনের প্রযুক্তিবিষয়ক নতুন বই ‘প্রযুক্তির এই দিনে’ প্রকাশ হয়েছে।

বইটি সম্পর্কে বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোহাম্মদ কায়কোবাদ লিখেছেন, পল্লব মোহাইমেন তথ্যপ্রযুক্তিসংক্রান্ত গুরুত্বপূর্ণ দিন-ক্ষণ ও ঘটনাগুলো অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছেন। যারা কুইজ জাতীয় অনুষ্ঠান আয়োজন করেন এবং এতে অংশগ্রহণ করেন, তাদের জন্য বইটি অত্যন্ত মূল্যবান হবে বলে তিনি মনে করেন।

তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, দেশের তরুণ সমাজ তথ্যপ্রযুক্তিমনস্ক হয়ে তথ্যপ্রযুক্তির জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ হবে এবং আধুনিক রাষ্ট্র নির্মাণে ভূমিকা রাখবে।

বইটিতে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রযুক্তিবিশ্বের প্রতিদিনের ইতিহাস তারিখ অনুযায়ী সংকলিত হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তথ্যপ্রযুক্তির বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা ও মাইলফলককে। পাশাপাশি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি জগতের গুরুত্বপূর্ণ ঘটনাবলিও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রযুক্তিপ্রেমী ও ইতিহাসপ্রেমী পাঠকদের জন্য বইটি বিশেষভাবে প্রণীত। প্রযুক্তির বিবর্তন জানতে আগ্রহী পাঠক ছাড়াও তথ্যপ্রযুক্তির শিক্ষার্থী, শিক্ষক, পেশাজীবী, উদ্যোক্তা ও তরুণ প্রজন্মের জন্য এটি সহায়ক হবে বলে জানিয়েছেন লেখক। রেফারেন্স বই হিসেবেও এটি কার্যকর ভূমিকা রাখবে বলে তার প্রত্যাশা।

‘প্রযুক্তির এই দিনে’ প্রকাশ করেছে প্রতিভাষা প্রকাশন। ৩৯১ পৃষ্ঠার হার্ডকভার সংস্করণের মূল্য নির্ধারণ করা হয়েছে ১২০০ টাকা।

বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে গ্রন্থিক প্রকাশনের স্টলে (স্টল নং ৯৫২, ৯৫৩, ৯৫৪)। এছাড়া অনলাইনেও সংগ্রহ করা যাচ্ছে rokomari.com prothoma.com-এ।

Scroll to Top