২০২৩ সালের অক্টোবরে লিস্ট ‘এ’ ক্রিকেটে এবি ডি ভিলিয়ার্সের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে আলোচনায় এসেছিলেন জেইক ফ্রেজার–ম্যাগার্ক। তখন প্রশ্ন উঠেছিল, অস্ট্রেলিয়ান ক্রিকেটের এই নতুন প্রতিভা কার মতো হবেন? ডেভিড ওয়ার্নার নাকি লেগ স্পিনও করতে পারায় পরবর্তী শহীদ আফ্রিদি?
কিন্তু সেই ফ্রেজার–ম্যাগার্ক কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন! অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ খেলেছেন গত বছর জুলাইয়ে। তার আগে ২০২৪ টি–টুয়েন্টি বিশ্বকাপ দলেও জায়গা হয়নি। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেললেও সর্বশেষ আইপিএলে তাঁকে কেউ কেনেনি। টান পড়েছিল পারফরম্যান্সের ভাঁড়াড়ে। তবে ফ্রেজার–ম্যাগার্ক যে হারিয়ে যাননি, সেটাই বুঝিয়ে দিলেন আজ অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে কাপে।
