বিশ্বকাপের পর ফ্রান্স কোচের দায়িত্ব ছাড়বেন দিদিয়ের দেশম সেটা আগেই নির্ধারিত ছিল। নতুন কোচ কে হবেন সেটা নিয়ে ছিল নানা জল্পনা-কল্পনা। এবার সেই অপেক্ষার পালা শেষ হয়েছে। ফ্রান্সের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেয়ার জন্য চুক্তিতে স্বাক্ষর করেছেন জিনেদিন জিদান বলে জানিয়েছেন ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে জানাচ্ছেন, ২০৩০ সাল পর্যন্ত ফ্রান্সের কোচের দায়িত্ব পালন করবেন বলে আপাতত চুক্তি করেছেন। ১৪ বছর ফ্রান্সের দায়িত্ব পালন করা দেশম আপাতত অবসরে যাবেন। তার জায়গায় দায়িত্ব পালন করবেন ৫৪ বর্ষী জিদান।
এর মাধ্যমে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটালো। বিশেষ করে ২০১৬-২০১৮ এবং পরবর্তীতে ২০১৯-২০২১ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে জিদানের অর্জিত বড় সাফল্যের পর এই জল্পনা তৈরি হয়েছিল। তিনি টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের কৃতিত্ব অর্জন করেন এবং দুবার স্প্যানিশ লিগের শিরোপা জয় করেন।
খেলোয়াড় হিসেবে জিদানের ঝুলিতে রয়েছে বড় বড় সব সাফল্য। তিনি ফ্রান্সের হয়ে ১৯৯৮ সালের বিশ্বকাপ ও ২০০০ সালের ইউরো শিরোপা জিতেছিলেন। ২০০২ সালে রিয়ালের হয়ে জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ। ২০০৬ সালের বিশ্বকাপের ফাইনালে ইতালির বিপক্ষে মার্কো মাতেরাজ্জিকে ঢুস মারার ঘটনায় লাল কার্ড দেখে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন।
দেশমের নেতৃত্বে ফ্রান্স ২০১৮ সালের বিশ্বকাপ জিতেছিল। ২০২২ সালের আসরে রানার্স-আপ হয়েছিল এবং সর্বশেষ আসরে চতুর্থ স্থান অর্জন করেছে।



