
জয়ের জন্য শেষ ওভারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দরকার ছিল ১৩ রান। খালেদ আহমেদের প্রথম বলে মুশফিকুর রহিমের থ্রোতে রান আউট হন খুশদিন শাহ। ম্যাচে তখন ফেভারিট ফরচুন বরিশাল। তবে কুমিল্লার ক্যারিবিয়ান রিক্রুট ম্যাথু ফোর্ডই গড়ে দিলেন ব্যবধান। ৩ বাউন্ডারিতে ৪ বলে করলেন ১৬। ১ বল হাতে রেখেই কুমিল্লার ৪ উইকেটের শ্বাসরুদ্ধকর জয়।
শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান করে বরিশাল। ওপেনার তামিম ইকবাল খেলেছেন ১৬ বলে ১৯ রানের ইনিংস। ৪ চার ও ২ ছক্কায় ৩১ বলে ৪২ রান করেন সৌম্য সরকার। বরিশালের সেরা ব্যাটার অবশ্য মুশফিকুর রহিম। খেলেছেন ৪৪ বলে ৬২ রানের ইনিংস। কুমিল্লার পক্ষে ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান।
১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অবশ্য ভালো শুরু পায়নি কুমিল্লা। একের পর এক উইকেট আর ব্যাটারদের স্লো ব্যাটিংয়ে ম্যাচ থেকে বের হয়ে যেতে থাকে ভিক্টোরিয়ান্স। তবে ফিফটি করে শুরুর চাপ সামাল দেন ইমরুল। খেলেছেন ৪১ বলে ৫২ রানের ইনিংস। ১৫ বলে ১৮ রান করে আউট হন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। লিটন করেছেন ১৯ বলে ১৪।
৪ বলে ১৬ রানের ক্যামিওর সাথে বল হাতে ৩৩ রান খরচায় ২ উইকেট নিয়ে ম্যাচসেরা ম্যাথু ফোর্ড।



