ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের দ্বিতীয় স্ত্রী শিমলার আত্মহত্যার চেষ্টা করেছেন। তিনি এখন দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
খাদিজা মল্লিক সীমু ওরফে শিমলা দীর্ঘদিনের দাম্পত্য কলহ ও মানসিক চাপের মধ্যে ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। খাদিজা মল্লিক সীমু ওরফে শিমলা দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের দ্বিতীয় স্ত্রী। শিমলা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
সোমবার ৩০ মার্চ রাতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সিপি রোডে বাবার বাড়িতে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন শিমলা। আজ মঙ্গলবার ৩১ মার্চ জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্তব্যরত চিকিৎসক মুসা আল আশারী জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল হলেও তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা আশাবাদী তিনি সুস্থ্য হয়ে উঠবেন।
খাদিজার পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক আত্মগোপনে রয়েছেন। সেই থেকেই তার স্ত্রী খাদিজা হাকিমপুর উপজেলা শহরের সিপি রোড এলাকায় বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ২০১৯ সালের ৮ জুন শিবলী সাদিকের সঙ্গে তার বিয়ে হয়েছিল।
আত্মহত্যার চেষ্টার আগে খাদিজা তার নিজের ফেসবুক পেজে তার ওপর হওয়া অন্যায়ের অভিযোগ লিখেন। তিনি লিখেছেন, ‘আমি যথেষ্ট শক্ত ছিলাম, কিন্তু এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন। দীর্ঘ ৭ বছর ধরে আমার সঙ্গে হওয়া অন্যায় ও জুলুম আমি আর নিতে পারছি না। বিয়ের ২-৩ মাস পর থেকেই এসব সহ্য করতে করতে আমি আজ ক্লান্ত, আমি শান্তিতে ঘুমাতে চাই।’
পোস্টে তিনি স্বামী শিবলী সাদিকসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ করেন যে, তার এই পরিণতির জন্য তারাই দায়ী। নিজের মেয়ের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘স্নেহা, তোমার জন্য আমার দোয়া রইল। তুমি আমার জন্য যথেষ্ট লড়েছো।’ মা-বাবার কাছে ক্ষমা চেয়ে তিনি আরও উল্লেখ করেন যে, তার এই সিদ্ধান্ত ভুল হলেও পরিস্থিতি তাকে বাধ্য করেছে।
তিনি অভিযোগ করেন, শিবলী সাদিক একজন ‘নার্সিসিস্ট’ বা আত্মকেন্দ্রিক মানুষ, যিনি কৌশলে মানুষকে বিভ্রান্ত করতে পটু।
তিনি তার শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করেছেন যেন তার সঙ্গে হওয়া অন্যায়ের বিচার নিশ্চিত করা হয় এবং প্রয়োজনীয় সব প্রমাণ তাদের কাছে গচ্ছিত আছে বলেও জানান।
প্রসঙ্গত, ২০১১ সালে শিবলী সাদিকের সঙ্গে পারিবারিকভাবে জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার বিয়ে হয়। পারিবারিক দ্বন্দ্ব ও বনিবনা না হওয়ায় ২০১৬ সালে তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়। ২০১৯ সালে তিনি খাদিজার সঙ্গে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন।





