ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ

ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ দল। আসরে নিজেদের পঞ্চম ম্যাচে ফিজির বিপক্ষে ৩-১ গোলের জয় তুলেছে লাল সবুজের প্রতিনিধিরা। দুটি গোল করেছেন মো. বায়েজিদ, একটি গোল করেন অধিনায়ক ফাহিম হাসান। ফিফা স্বীকৃত বিশ্বকাপের যে কোনো আসরে বাংলাদেশের এটি প্রথম জয়।
ম্যাচ শুরুতে গোল আদায় করে নেয় বাংলাদেশ। মাঝমাঠের থেকে বাড়ানো বল রাইট উইং দিয়ে আক্রমণে গোল করেন বাংলাদেশের অধিনায়ক ফাহিম হাসান। প্রথম আক্রমণেই ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
চতুর্থ মিনিটে আবারও বাংলাদেশ গোল আদায় করে নেয়। ডি বক্সের বাইরে পাওয়া ফ্রি কিক প্রথমে ফিজির গোলকিপার আটকে দিলেও ফিরতি বলে আবারও বল জালে জড়ান বায়েজিদ। চার মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
দুই গোল হজম করে ফিজি ম্যাচে ফেরার চেষ্টা করতে থাকে। সহজ কিছু সুযোগে পেলেও তা গোরে পরিণত করতে পারেনি। বাংলাদেশ ১৯ এবং ২১ মিনিটে আরও দুটি সুযোগ পেলেও দুটি বলই বারে লেগে গোলবঞ্চিত হয়। পরে প্রথমার্ধের দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর আবারও দারুণ কিছু আক্রমণ শুরু করে বাংলাদেশ। তবে সেখান থেকে কোনো গোল আদায় করতে না পারলেও উল্টো ২৮ মিনিটে আত্মঘাতী গোল করে বসে বাংলাদেশের ডিফেন্ডার। গোলকিপার বল ক্লিয়ার করতে বের হয়ে আসলে বল জালে জড়িয়ে যায়, ব্যবধান দাঁড়ায় ২-১ গোলে।
তবে ৩৬ মিনিটে আবারও গোল আদায় করে নেয় বাংলাদেশ। এবার ডি বক্সের বাইরে পাওয়া বলে জোরালো শট করেন বায়েজিদ, ফিজির গোলকিপারের হাত গলে বল জালে জড়ায়। ৩-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। পরে আর কোনো দল গোল করতে না পারলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ আকবর হোসেন রিদনের শিষ্যরা।
প্রতিযোগিতায় পাঁচ ম্যাচের একটিতে জয়, দুটিতে ড্র এবং দুটিতে হার দেখেছে বাংলাদেশ। ইউরোপের দল ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র’য়ে আসর শুরু করেছিল দলটি। পরের দিনে প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৩-১ গোলে হেরে যায়, দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে। তৃতীয় দিনে বুরুন্ডি সাথেও পেরে উঠেনি বাংলাদেশ, হারে ২-০ গোলে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

