
হামজা দেওয়ান চৌধুরী আসার পর থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার জন্য লাইন পড়েছে বংশোদ্ভূত ও প্রবাসী খেলোয়াড়দের। তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ইংল্যান্ডের ক্লাব ফুলহ্যাম ইউনাইটেডের বয়সভিত্তিক দলে বেড়ে ওঠা ফারহান আলী ওয়াহিদ। সঙ্গে আছেন ইউসূফ আহমেদ ও জিদান ইউসুফ। ইংল্যান্ডে বেড়ে উঠলেও সরাসরি তাদের দলে নিতে নারাজ বাংলাদেশ দলের কোচ থমাস ডুলি।
তাদের সম্পর্কে প্রশ্নে কোচ ডুলি বলেছেন, ‘ফারহান আলী ওয়াহিদ প্রিমিয়ার লিগে খেলেন না। প্রিমিয়ার লিগের একটি একাডেমিতে বেড়ে উঠেছেন। এখন সপ্তম টায়ারের একটি ক্লাবে খেলেন। একই টায়ারে ইউসূফও খেলেছেন। ইন্দোনেশিয়ার আবহাওয়া এবং ইংল্যান্ডের আবহাওয়া এক নয়। তাই দলে জায়গা পেতে হলে তাকেও পরীক্ষা দিয়ে আসতে হবে।’
‘ইউসুফ ইংল্যান্ডের নিচু স্তরের লিগে (পঞ্চম বা সপ্তম টায়ারে) খেলেছেন। সেখানকার আর এখানকার আবহাওয়া এবং খেলার ধরন সম্পূর্ণ আলাদা। সে ভালো খেলোয়াড়, তবে এখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে তার সময় লাগবে। সে পেশাদার পর্যায়ের চেয়ে কিছুটা অপেশাদার জায়গা থেকে এসেছে।’
অনূর্ধ্ব-২০ জাতীয় দলে অভিষেক হওয়া জিদান ইউসুফকে নিয়ে ডুলির মূল্যায়ন এমন, ‘জিদান ভবিষ্যতের জন্য খুব ভালো প্রতিভাবান একজন খেলোয়াড়। তার শারীরিক গঠন দারুণ, তবে তাকে এখনও অনেককিছু শিখতে হবে। বিশেষ করে পেছন থেকে বল নিয়ে খেলার ক্ষেত্রে তাকে আরও সতর্ক হতে হবে।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ দল নিয়ে প্রশ্নে ডুলি বললেন, ‘সেরা দল নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা হচ্ছে। তবে আমাদের মনে রাখতে হবে আমরা এখানে আন্ডারডগ। র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া আমাদের চেয়ে এগিয়ে। আমাদের সবকিছু নিখুঁতভাবে করতে হবে যাতে আমরা তাদের সাথে লড়াই করতে পারি। আমরা আগের টুর্নামেন্ট বা সাফ চ্যাম্পিয়নশিপ থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আরও ভালো করার চেষ্টা করব।’
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…