ফকিরহাটে স্ত্রীর শরীরে গরম ভাতের মাড় ঢেলে নির্যাতন | চ্যানেল আই অনলাইন

ফকিরহাটে স্ত্রীর শরীরে গরম ভাতের মাড় ঢেলে নির্যাতন | চ্যানেল আই অনলাইন

বাগেরহাটের ফকিরহাট উপজেলা এলাকায় ভাত রান্না করতে দেরি হওয়াকে কেন্দ্র করে স্ত্রীর শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেওয়ার অভিযোগে স্বামী চুন্নু শেখ (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ৬ এপ্রিল দুপুরে তাকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। উপজেলার পাগলা-শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, রোববার সকালে গৃহস্থালির অন্য কাজে ব্যস্ত থাকায় সময়মতো ভাত রান্না করতে পারেননি মুসলিমা বেগম। এতে ক্ষিপ্ত হয়ে তার স্বামী গরম ভাতের মাড় তার শরীরে ঢেলে দেন। এতে তার মুখমণ্ডল ও শরীরের একাংশ ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে একই দিন রাতে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ভুক্তভোগী মুসলিমা বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তার স্বামী বিভিন্ন সময়ে কারণে-অকারণে তাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান জানান, আহত নারীর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।

Scroll to Top