প্রেসিডেন্টস কাপ আর্চারিতে বাংলাদেশ-মালয়েশিয়া জুটির স্বর্ণ জয় | চ্যানেল আই অনলাইন

প্রেসিডেন্টস কাপ আর্চারিতে বাংলাদেশ-মালয়েশিয়া জুটির স্বর্ণ জয় | চ্যানেল আই অনলাইন

প্রথমবারের মতো আয়োজিত ‘ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে’র শেষদিনে যৌথ রিকার্ভ মিশ্র (সিনিয়র) ইভেন্টে সোনা জিতেছে বাংলাদেশের সীমা আক্তার শিমু ও মালয়েশিয়ার মোহাম্মদ দানিশ জুটি। টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আই।

আন্তর্জাতিক আর্চারির ইতিহাস ও এশিয়ার আর্চারদের মধ্যে আন্তঃসংযোগ বৃদ্ধিতে এই প্রতিযোগিতায় দেশভিত্তিক দলের পরিবর্তে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিভিন্ন দেশের খেলোয়াড়দের নিয়ে যৌথ দল গঠন করা হয়। এই উদ্ভাবনী নিয়মের সুবিধা নিয়ে চমৎকার নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশকে স্বর্ণপদকের স্বাদ এনে দেন শিমু।

প্রতিযোগিতার শেষ দিনে রিকার্ভ মিশ্র ইভেন্টের ফাইনালে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেন বাংলাদেশ ও মালয়েশিয়ার এই দুই তরুণ আর্চার। শিমু ও দানিশের নিখুঁত নিশানা এবং চমৎকার বোঝাপড়ায় প্রতিপক্ষকে পেছনে ফেলে জয়ের শীর্ষমুকুট ছিনিয়ে নেয় এই জুটি।

এশীয় অঞ্চলে আর্চারির সার্বিক উন্নয়ন ও দলগুলোর সক্ষমতা বাড়াতে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার ‘ওয়ান ভিশন ওয়ান এশিয়া’ উদ্যোগের অংশ হিসেবে এই প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং ক্যাম্প আয়োজিত হয়। গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেন এশিয়ার ১৭টি এবং নয়টি দেশের টেকটিক্যাল অফিসিয়াল ও অতিথিসহ ২৬ দেশের আর্চাররা, যেখানে অভিজ্ঞতার পাশাপাশি ছিল পারস্পরিক সহযোগিতার বার্তা।

Scroll to Top