প্রিয়জনদের সঙ্গে ইফতারে অংশ নিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম – DesheBideshe

প্রিয়জনদের সঙ্গে ইফতারে অংশ নিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম – DesheBideshe

প্রিয়জনদের সঙ্গে ইফতারে অংশ নিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম – DesheBideshe

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – পবিত্র মাহে রমজানের প্রথম দিনে প্রিয়জনদের সঙ্গে ইফতারে অংশ নিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ঘরোয়া আয়োজনে ইফতারের সেই মুহূর্তের ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

খাবারের টেবিলে সাজানো ইফতারের ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করে মিম ক্যাপশনে লিখেছেন, এই পবিত্র রমজানের প্রথম ইফতারে প্রিয়জনদের ঘিরে আছি। একসাথে থাকার জন্য, আশীর্বাদের জন্য এবং এই সুন্দর মুহূর্তগুলোর জন্য আমি কৃতজ্ঞ। ব্যক্তিগত জীবনে সনাতন ধর্মের অনুসারী হলেও মিম বরাবরই ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছেন। প্রতিবছর তিনি ঈদ উদযাপন করেন এবং এর আগে ঈদুল আজহার সময় তার সহকারীদের জন্য কোরবানির আয়োজন করেও প্রশংসিত হয়েছেন।

ভক্তদের মাঝে তার এই অসাম্প্রদায়িক চেতনা গভীর ভালোবাসা সৃষ্টি করেছে। এদিকে ক্যারিয়ারের দিক থেকেও সুখবর রয়েছে মিমের ভক্তদের জন্য। প্রায় চার বছরের বিরতি কাটিয়ে তিনি ফিরছেন বড় পর্দায়। বর্তমানে সাইফ চন্দন পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা মালিক সিনেমায় কাজ করছেন তিনি। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ সময় পর ফের আরিফিন শুভর সঙ্গে জুটি বাঁধছেন এই অভিনেত্রী। পরিচালক জানিয়েছেন, সিনেমাটির দৃশ্যধারণ শেষ হয়েছে এবং বর্তমানে এটি সম্পাদনার টেবিলে রয়েছে। অন্যদিকে ২০২২ সালে পরাণ ও দামাল সিনেমার সাফল্যের পর আবারো শরীফুল রাজের সঙ্গে পর্দায় ফিরছেন মিম। আলভী আহমেদের পরিচালনায় জীবন অপেরা সিনেমায় তাদের একসঙ্গে দেখা যাবে।

এস এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top