ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান অভিনীত আসন্ন ঈদের সিনেমা ‘প্রিন্স’–এর টিজার প্রকাশ হয়েছে দুপরে। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এই তারকা। টিজারটি প্রকাশের কিছু সময়ের মধ্যেই ফেসবুকে ট্রেন্ডিংয়ে উঠে আসেন শাকিব খান।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ইউটিউবে প্রকাশ করা হয় ‘প্রিন্স’-এর দেড় মিনিটের ঝলক, যেটিকে নির্মাতারা বলছেন ‘প্রি-ব্লাস্ট’। টিজারটি প্রকাশের পরই সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। বিভিন্ন চলচ্চিত্রভিত্তিক গ্রুপ, পেজ ও ব্যক্তিগত প্রোফাইলে দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিওটি।
এরই মধ্যে টিজারটি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেন শাকিব খান। দুপুর দেড়টার দিকে পোস্ট করা সেই ভিডিও মাত্র দুই ঘণ্টার মধ্যেই প্রায় ৭ লাখ বার দেখা হয়েছে, যা ভক্তদের আগ্রহেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শুধু সাধারণ দর্শকই নন, শোবিজ অঙ্গনের অনেক তারকাও টিজারটি শেয়ার করে শাকিব খানকে শুভকামনা জানিয়েছেন। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রিন্স’ এবং শাকিব খান- দুটোই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এর আগে প্রকাশিত টিজারে দেখা যায় ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে নির্মিত একটি অ্যাকশনঘন গল্পের আভাস। গ্যাং সংঘর্ষ, গুলি-পাল্টা গুলি আর রহস্যময় আবহের মধ্যে লম্বা ব্রাউনি চুল ও দাড়িতে ভিন্ন লুকে হাজির হয়েছেন শাকিব খান। টিজারে তার সংলাপ “আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি”—ইতোমধ্যেই দর্শকদের মধ্যে বেশ আলোড়ন তুলেছে।
‘প্রিন্স’ সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ, প্রযোজনা করছেন শারমিন সুলতানা এবং নির্মিত হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ড–এর ব্যানারে। এতে শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন দিবেন্দ্যু, জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজ প্রমুখ।





