প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন সকল প্রতিষ্ঠানকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের বকেয়াসহ হাল সনের ভূমি উন্নয়ন কর দ্রুত পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক জরুরি পত্রে মাঠ পর্যায়ের সব দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ-রাজস্ব বিভাগের সহকারী পরিচালক সেলিনা আখতার স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
পত্রে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে অধিদপ্তরাধীন সব প্রতিষ্ঠানের ভূমি উন্নয়ন কর (কোড-৩৮২১১০২) পরিশোধ নিশ্চিত করতে হবে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বিভাগীয় উপ পরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই), উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা অফিস এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মাঠ পর্যায়ের সকল দপ্তরকে ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দকৃত অর্থ থেকে বকেয়া ও চলতি বছরের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সরকারি সম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ভূমি উন্নয়ন কর সময়মতো পরিশোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ কারণে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।


