প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা ছাড়া আধুনিক নগর গড়া সম্ভব নয়: আইজিপি – DesheBideshe

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা ছাড়া আধুনিক নগর গড়া সম্ভব নয়: আইজিপি – DesheBideshe

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা ছাড়া আধুনিক নগর গড়া সম্ভব নয়: আইজিপি – DesheBideshe

ঢাকা, ১১ মার্চ – ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনাকে অবশ্যই প্রযুক্তিনির্ভর হতে হবে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। তিনি জানান, স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট ছাড়া আধুনিক নগর ব্যবস্থাপনা কোনোভাবেই সম্ভব নয়।

বুধবার ১১ মার্চ পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকায় নগর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং টেকসই সমাধান অনুসন্ধানের লক্ষ্যে এই দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার প্রতিপাদ্য ছিল ঢাকায় নগর ট্রাফিক ব্যবস্থাপনা চ্যালেঞ্জ, উদ্ভাবন ও অগ্রগতির দিকনির্দেশনা।

আইজিপি তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশ দ্রুত নগরায়ণের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। যানবাহনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি নগর অর্থনীতির সম্প্রসারণ এবং মানুষের চলাচল বৃদ্ধি পাওয়ায় সড়ক ব্যবস্থাপনা এখন রাষ্ট্রের অন্যতম প্রধান চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগরীর যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিশেষ নির্দেশনা দিয়েছেন বলেও তিনি জানান।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি বলেন, নাগরিকদের কাছে পুলিশের প্রথম পরিচয় প্রায়ই ট্রাফিক পুলিশের মাধ্যমে ঘটে। একজন ট্রাফিক সার্জেন্ট রাস্তায় দাঁড়িয়ে শুধু যানবাহনই নিয়ন্ত্রণ করেন না, তিনি রাষ্ট্রের আইন ও শৃঙ্খলারও প্রতিনিধিত্ব করেন। তাই তার আচরণ, পেশাদারত্ব এবং নৈতিকতা সরাসরি পুলিশের প্রতি জনগণের আস্থাকে প্রভাবিত করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর কাজী মো. ফজলুল করিম এবং স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভাইস রেক্টর এস এম আক্তারুজ্জামান।

কর্মশালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার সুফিয়ান আহমেদ। প্রবন্ধে ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, যানজটের কারণ, আইন প্রয়োগের বাস্তবতা এবং উদ্ভাবনী সমাধানের নানা দিক তুলে ধরা হয়।

কর্মশালার মূল লক্ষ্য ছিল ঢাকা মহানগরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য বাস্তবমুখী নীতিগত সুপারিশ ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা। অংশগ্রহণকারীরা ট্রাফিক আইন প্রয়োগের কার্যকারিতা মূল্যায়ন, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন, রিকশা ও অন্যান্য অযান্ত্রিক পরিবহনের সমন্বিত ব্যবস্থাপনা, অবৈধ পার্কিং সমস্যা এবং ভবিষ্যৎ নগর পরিবহন পরিকল্পনার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ এবং অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিন। সমাপনী বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার।

এনএন/ ১১ মার্চ ২০২৬



Scroll to Top