প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকার আশ্বাস কানাডার ফেডারেল এমপির | চ্যানেল আই অনলাইন

প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকার আশ্বাস কানাডার ফেডারেল এমপির | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি’র ভূয়সী প্রশংসা করে সম্মানজনক সনদপত্র দিয়েছেন কানাডার ফেডারেল সরকারের এমপি ডেলিনডর গিল। এসময় তিনি প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকার আশ্বাস দেন।

স্থানীয় সময় শুক্রবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কানাডার ক্যালগেরি’র এমপি ডেলিনডর গিলের ওয়েস্ট উইন্ডজ অফিসে এই সনদপত্র দেন।

কমিউনিটির উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য তিনি প্রবাসে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি’র অবদানকে মাইলফলক উল্লেখ করে বলেন, বিদেশের মাটিতে থেকে দেশের মানুষের সেবা এক অনন্য উদাহরণ। এই কাজ এবং সংগঠনের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত তাদের প্রত্যেকের প্রতি আমার ও আমার দলের পক্ষ থেকে অভিনন্দন।

ভবিষ্যতে এ সংগঠনের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের অভিবাসন সংক্রান্তসহ যে কোনো সমস্যা সমাধানে তিনি ও তাঁর দল বাংলাদেশিদের পাশে থাকবেন। তিনি বলেন, একসাথে কাজের মাধ্যমেই আমরা সুন্দর একটা সমাজ উপহার দিতে পারব।

এ সময় তিনি পৃথক পৃথকভাবে বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি’র সভাপতি ইকবাল রহমান ও সাধারণ সম্পাদক আসিফ হোসেনকে তাঁদের কাজের স্বীকৃতিস্বরূপ সনদপত্র এবং বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি সংগঠনকে আলাদাভাবে সনদপত্র প্রদান করেন।

কাজের স্বীকৃতি হিসেবে সনদপত্র পেয়ে ইকবাল রহমান এবং আসিফ হোসেন বলেন, এ স্বীকৃতি কমিউনিটি উন্নয়নে তাদের কাজের গতিকে আরও বাড়িয়ে দিবে।

এ সময়ে উপস্থিত ছিলেন নাজমুন গফুর সুবর্ণা, রেহানা পারভীন, আরাফাতুল মামুর, মোহাম্মদ হাকিম, আসিফ হোসেন, ইকবাল রহমান, সাইফুল ভূইয়াঁ মিশন কানাডার ফেডারেল সরকারের এমপি ডেলিনডর গিলসহ অন্যান্যরা।

Scroll to Top