প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে বিদায় ও দেশে ফেরার সময় বিমানবন্দরে উপস্থিত থাকার রাষ্ট্রাচার সীমিত করে নতুন নির্দেশনা জারি করেছে সরকার।
বৃহস্পতিবার ৫ মার্চ জারি করা এ নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে প্রধানমন্ত্রী বিদেশে যাত্রা বা সফর শেষে দেশে ফেরার সময় বিমানবন্দরে কেবল চারজন সরকারি প্রতিনিধি উপস্থিত থাকবেন। তারা হলেন, মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
নির্দেশনায় আরও বলা হয়, এ বিষয়ে ২০২৪ সালের ২৮ আগস্ট জারি করা পূর্বের রাষ্ট্রাচার সংক্রান্ত নির্দেশনা বাতিল করে নতুন এই বিধান কার্যকর করা হয়েছে।
আগের নির্দেশনায় প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে বা দেশে ফিরলে বিমানবন্দরে উপস্থিত থাকার তালিকা তুলনামূলকভাবে বড় ছিল। সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপ, ডিপ্লোম্যাটিক কোরের প্রধান, স্বাগতিক দেশের মিশন প্রধান, মন্ত্রিপরিষদ সচিবসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিতির কথা উল্লেখ ছিল।
এছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব, পুলিশের মহাপরিদর্শক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালকসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার নামও তালিকায় অন্তর্ভুক্ত ছিল।
প্রয়োজনে অতিরিক্ত কিছু সরকারি কর্মকর্তাকেও উপস্থিত থাকার সুযোগ রাখা হয়েছিল। তবে নতুন নির্দেশনার মাধ্যমে দীর্ঘ সেই তালিকা বাদ দিয়ে রাষ্ট্রাচারের পরিধি সীমিত করা হয়েছে।




