প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর: ১ ঘণ্টার মধ্যেই বিবৃতি প্রত্যাহার রাষ্ট্রপতি ভবনের | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়াদিল্লি সফর নিয়ে একটি বিবৃতি প্রকাশ করার এক ঘণ্টার মধ্যেই অস্বাভাবিকভাবে প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি ভবন।

শুক্রবার (২১ অগাস্ট) ভারতীয় সংবাদমাধ্যম দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস এই তথ্য জানায়।

দুপুর ২টার দিকে রাষ্ট্রপতি ভবন থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বিদেশি অতিথির আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়ার কারণে শনিবার ‘চেঞ্জ অফ গার্ড’ অনুষ্ঠান স্থগিত থাকবে।

‘চলতি শনিবারে চেঞ্জ অফ গার্ড অনুষ্ঠান হবে না’ শীর্ষক ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল— ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার ফুল রিহার্সালের জন্য আগামী শনিবার (২২ আগস্ট, ২০২৬) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে চেঞ্জ অফ গার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে না।’

তবে উচ্চপর্যায়ের এই সফরের বিষয়টি নিউ দিল্লি বা ঢাকা—কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করায় পরবর্তীতে বিজ্ঞপ্তিটি তুলে নেওয়া হয়। দুপুর ৩টার দিকে রাষ্ট্রপতি ভবনের নতুন এক বার্তায় জানানো হয়— ‘২১ আগস্ট, ২০২৬ তারিখে “চলতি শনিবারে চেঞ্জ অফ গার্ড অনুষ্ঠান হবে না” শিরোনামে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো।

রাষ্ট্রপতি ভবনের সামনের চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে তিন বাহিনীর সদস্যদের গার্ড অব অনার, দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন এবং ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে অতিথির আনুষ্ঠানিক পরিচয়পর্ব থাকে।

Scroll to Top