প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, কাতার সফরে জ্বালানি, শ্রমবাজারসহ আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক ও সিদ্ধান্ত হবে কাতারের আমিরের সঙ্গে।
সোমবার (২১ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।
প্রেস উইংয়ের পক্ষ থেকে এই সময় আরও জানানো হয়, বাংলাদেশের স্বার্থ এবং ভালোর জন্য বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হয়েছে। তবে শ্রম সংস্কার কমিশন একমাত্র কমিশন যেটির সুপারিশ নিয়ে আগ্রহ আছে আন্তর্জাতিক নানা মহলের। সকল শ্রমিককে আইনি সুরক্ষা, নূন্যতম জাতীয় মজুরি নির্ধারণ ছাড়াও একাধিক সুপারিশ দিয়েছে শ্রম সংস্কার কমিশন।
‘আর্থনা সামিট-২০২৫’-এ যোগ দিতে চার দিনের সরকারি সফরে আজ কাতার যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তার এই সফরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) আমদানি বৃদ্ধির পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের আরও উন্নয়ন হবে বলে আশা করছেন সরকারি কর্মকর্তারা। পাশাপাশি বাংলাদেশিদের কর্মসংস্থান বৃদ্ধি, রোহিঙ্গা ইস্যুসহ আরও কিছু বিষয় নিয়ে দুদেশের মধ্যে আলোচনার কথা রয়েছে।
খসড়া সূচি অনুযায়ী, সোমবার রাতে দোহার উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। সফরের দ্বিতীয় দিন তিনি আর্থনা সম্মেলনে যোগ দেবেন ও বক্তব্য রাখবেন। পরে কাতার চ্যারিটির আন্তর্জাতিক অপারেশনের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাওয়াফ আবদুল্লা আল হামোদি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। একই দিন কাতারের আমিরের মা ও কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন মোজা বিনতে নাসেরের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠকের কথা রয়েছে। পরে প্রধান উপদেষ্টা কাতার ফাউন্ডেশন পরিদর্শন করবেন।
একই দিন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকের কথা রয়েছে অধ্যাপক ইউনূসের। পরে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন সেরিদা আল কাবিরের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। এ ছাড়া প্রধান উপদেষ্টার কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রধান অফিস পরিদর্শনে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি একটি সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে।
সফরের তৃতীয় দিন রোহিঙ্গা সংকট নিয়ে এক গোলটেবিল আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে ড. ইউনূসের। একই দিন কাতারের শিক্ষামন্ত্রীর অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে ২৪ এপ্রিল দেশের উদ্দেশে রওনা হবেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং জানিয়েছে, দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। এই চার ক্রীড়াবিদ হলেন ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।
সব আনুষ্ঠানিকতা শেষে ২৪ এপ্রিল দেশের উদ্দেশে রওনা হবেন প্রধান উপদেষ্টা।







