প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

জুলাই গণঅভ্যুত্থানের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, বরং দেশের সব গণতন্ত্রকামী ও শান্তিপ্রিয় মানুষের সম্মিলিত অর্জন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, প্রতিশোধের রাজনীতি নয়, আইনের শাসন প্রতিষ্ঠা ও জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটি’ আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে সংঘটিত হত্যা ও নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার করা হবে। তবে বিচারের নামে যেন কারও প্রতি অবিচার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে সময় নিয়ে হলেও প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে।

তারেক রহমান বলেন, বিগত বছরগুলোতে তিনি ও তার পরিবার নানা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকলেও তিনি সেই পথে হাঁটতে চান না। বরং জাতীয় স্বার্থে বিভাজনের রাজনীতি পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের আহ্বান জানান।

তিনি বলেন, জাতিকে বিভক্ত রেখে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, রাষ্ট্রব্যবস্থার সংস্কার এবং মানুষের জীবনমানের উন্নয়ন। সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

Scroll to Top