
লন্ডন, ২ সেপ্টেম্বর – বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ৭০তম আসরের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। এবার দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে প্যারিসের পরিবর্তে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বসবে এই জমকালো পুরস্কার বিতরণের আসর। আগামী ২৬ অক্টোবর ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মূল অনুষ্ঠানের আগে আগামী ৮ সেপ্টেম্বর ব্যালন ডি’অরের অফিসিয়াল ওয়েবসাইটে সব ক্যাটাগরির মনোনীত খেলোয়াড়দের তালিকা বা শর্টলিস্ট প্রকাশ করা হবে। এবারের পুরুষ ও নারী উভয় বিভাগে ৩০ জন করে ফুটবলার চূড়ান্ত তালিকায় জায়গা পাবেন।
এছাড়া গোলকিপার, কোচ, স্ট্রাইকার ও ক্লাব অব দ্য ইয়ারসহ মোট ১২টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। ২০১৯ সাল থেকে প্যারিসের থিয়েটার দ্য শাতেলেতে এই আয়োজন নিয়মিত অনুষ্ঠিত হলেও ৭০তম আসর উপলক্ষে ভেন্যু পরিবর্তন করা হয়েছে। এর মাধ্যমে ব্যালন ডি’অরের প্রথম বিজয়ী ইংল্যান্ডের কিংবদন্তি স্যার স্ট্যানলি ম্যাথিউসের প্রতি বিশেষ শ্রদ্ধা জানানো হবে।
১৯৫৬ সালে তিনি প্রথম এই পুরস্কারটি জিতেছিলেন। শর্টলিস্ট প্রকাশের পর শুরু হবে চূড়ান্ত ভোটিং প্রক্রিয়া। আন্তর্জাতিক সাংবাদিকদের নিয়ে গঠিত জুরি বোর্ড এই বিজয়ী নির্বাচন করবেন। পুরুষ বিভাগের ক্ষেত্রে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের এবং নারী বিভাগের ক্ষেত্রে শীর্ষ ৫০ দেশের একজন করে সাংবাদিক ভোট দেবেন।
সাংবাদিকরা শর্টলিস্ট থেকে পছন্দের ১০ জন খেলোয়াড়কে নির্বাচন করবেন। যেখানে প্রথম পছন্দের খেলোয়াড় পাবেন ১৫ পয়েন্ট এবং দশম পছন্দের খেলোয়াড় পাবেন ১ পয়েন্ট। ব্যক্তিগত সাফল্য, দলের অর্জন এবং খেলোয়াড় সুলভ আচরণের ভিত্তিতে এই ভোট প্রদান করা হবে। সব ভোট গণনা শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া ফুটবলারের হাতে উঠবে ২০২৬ সালের কাঙ্ক্ষিত ব্যালন ডি’অর ট্রফি।
এস এম/ ২ সেপ্টেম্বর ২০২৬
