পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স | চ্যানেল আই অনলাইন

পাকিস্তানের বিপক্ষে লর্ডস টেস্টের আগে ইংল্যান্ডের দল থেকে বাদ পড়েছেন পেসার ব্রাইডন কার্স। শনিবার রাতে ডার্বির একটি বারের বাইরে মাতাল ও বিশৃঙ্খল আচরণের সন্দেহে পুলিশ তাকে আটক করেছিল। পরে অবশ্য তাকে ছেড়ে দেয়া হয়।

ঘটনার পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বিষয়টি ক্রিকেট রেগুলেটরের কাছে পাঠায়। স্বাধীন এই সংস্থা তদন্ত শুরু করার পর কার্সকে দ্বিতীয় টেস্টের দল থেকে সরিয়ে দেয়া হয়েছে। তার জায়গায় দলে ডাক পেয়েছেন হ্যাম্পশায়ারের সনি বেকার।

ইসিবি জানিয়েছে, ‘তদন্ত চলাকালে এবং ঘটনার পূর্ণাঙ্গ তথ্য পাওয়া না পর্যন্ত ব্রাইডন কার্স দ্বিতীয় পুরুষদের রোথেসে টেস্টে নির্বাচনের জন্য আর বিবেচিত হবেন না। এই ম্যাচের দলে তার জায়গায় সনি বেকারকে নেয়া হয়েছে।’

ডার্বিশায়ার পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার রাতে শহরের কেন্দ্রে ত্রিশের কোঠায় বয়সী এক ব্যক্তিকে মাতাল ও বিশৃঙ্খল আচরণের সন্দেহে আটক করা হয়। পরে তাকে ওই এলাকা ছেড়ে যাওয়ার শর্তে ছেড়ে দেয়া হয়।

কার্সের ঘটনা ইংল্যান্ড দলের মাঠের বাইরের বিতর্ককে আবার সামনে এনেছে। গত এক বছরে হ্যারি ব্রুকের নাইটক্লাব-কাণ্ড এবং বেন স্টোকস ও গাস অ্যাটকিনসনের উদযাপন নিয়ে তদন্তের ঘটনাও আলোচনায় ছিল। এর আগে মদ্যপান নিয়ে দলের নীতিমালা নিয়েও বিতর্ক হয়েছে।

কার্স নিজেও এর আগে নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন। ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে বিভিন্ন ম্যাচে ৩০৩টি বাজি ধরার ঘটনায় ২০২৪ সালে তাকে নিষিদ্ধ করা হয়েছিল। যদিও ওই ম্যাচগুলোর কোনোটিতে তিনি খেলেননি।

এদিকে পাকিস্তানের বিপক্ষে তিন দিনের মধ্যে হেডিংলি টেস্টে ইনিংস ও ১০৩ রানে জিতে সিরিজে ১-০ এগিয়ে আছে ইংল্যান্ড। বৃহস্পতিবার লর্ডসে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

Scroll to Top