বাংলাদেশ পুলিশের কোনো সদস্য অপরাধে জড়ালে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কল্যাণ সমিতির কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষাবৃত্তি-২০২৫ প্রদান উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, পুলিশের কোনো সদস্য অপরাধ করলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, দেশের প্রতিটি জেলার সদর থানাকে ‘অভিযোগশূন্য থানা’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর মাধ্যমে পুলিশ বাহিনী নতুনভাবে নিজেদের গড়ে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু পাঠ্যজ্ঞান অর্জন করলেই হবে না, দেশের মানুষ ও সমাজের কল্যাণে কাজ করার মানসিকতাও গড়ে তুলতে হবে। আইন সম্পর্কে সচেতন হওয়া এবং তা মেনে চলার অভ্যাস গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
এ সময় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু বৃত্তি দেওয়াই নয়, তাদের জন্য আয়বর্ধক উদ্যোগ গ্রহণের বিষয়েও চিন্তা করা উচিত।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে ‘কেমন পুলিশ চাই’—এ বিষয়ে মতামত নেওয়া হলে তারা বন্ধুসুলভ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে। তারা আরও জানান, আইন প্রয়োগের পাশাপাশি মানবিক আচরণ নিশ্চিত করাও জরুরি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ড. এম আকবর আলী। এতে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, পুলিশ কর্মকর্তা, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উল্লেখ্য, কমিউনিটি ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থায়নে ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ৪০০ শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ১০০ জন শিক্ষার্থীকে অনুষ্ঠানে সরাসরি বৃত্তি, সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হয়েছে। বাকি শিক্ষার্থীদের সংশ্লিষ্ট জেলা পুলিশের মাধ্যমে বৃত্তি প্রদান করা হবে।



