সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যেই পুলিশকে না জানিয়ে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের অফিস থেকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। এই অভিযানে আরিফ হোসেন (৩০) নামের এক যুবককে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার রাত ১১টায় জেনেভা ক্যাম্পের কলেজ গেট এলাকায় ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের অফিস থেকে মাদকবিরোধী অভিযানটি পরিচালিত হয়। এতে ববি হাজ্জাজের নির্বাহী সহকারী ইনতিশার মাশুক প্রধানের নেতৃত্বে সুদীন ও জিসানসহ চার-পাঁচজন যুবক অংশ নেন, যারা ওই সংসদ সদস্যের লোক হিসেবে এলাকায় পরিচিত।
তবে অভিযানের কথা অস্বীকার করে ইনতিশার মাশুক প্রধান দাবি করেছেন, সংসদ সদস্যের অফিস থেকে কোনও অভিযান পরিচালনা করা হয়নি। সেখানে একটি নাগরিক সংগঠন রয়েছে যারা মাঝেমধ্যে এ ধরনের অভিযান চালায়। তিনি বলেন, এই অভিযান এমপি মহোদয়ের নয় এবং তার তরফ থেকেও এ রকম কোনও অভিযান চালানো হয়নি।
জানা গেছে, অভিযানের সময় মাদক সেবনরত অবস্থায় আরিফকে আটক করা হয়। পরবর্তীতে তাকে মারধরের একপর্যায়ে মাথায় আঘাত লেগে তা ফেটে যায়। আহত অবস্থায় তাকে পুলিশে সোপর্দ করলে পুলিশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শেষে তাকে থানায় নেওয়া হয় এবং তার মাথায় চারটি সেলাই লেগেছে।
জেনেভা ক্যাম্প এলাকায় এই অভিযানের বিষয়ে থানাকে আগে থেকে জানানো হয়েছিল কি না- এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ওই মাদকবিরোধী অভিযানের আগে থানাকে জানানো হয়নি। তবে একজনের মাথা ফাটার পর পুলিশকে ফোন দিয়ে আহত অবস্থায় তাকে গাড়িতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, আহত আরিফকে ডোপ টেস্টের জন্য চিকিৎসকের কাছে পাঠানো হলে চিকিৎসক মাদক সেবনের বিষয়টি নিশ্চিত করেন। পরে তাকে মাদক সেবন আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।



