নাটক, বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্র বানিয়ে ১৮ বছর পার করেছেন আদনান আল রাজীব। পরিচালক হিসেবে সবচেয়ে মন ভালো করা খবরটি পেলেন। কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে তাঁর পরিচালিত সিনেমা ‘আলী’। সিনেমাটির দৈর্ঘ্য ১৫ মিনিট।
গতকাল বিকেলে অফিশিয়াল ওয়েবসাইটে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের তালিকা ঘোষণা করে কান উৎসব কর্তৃপক্ষ। এর কাছাকাছি সময়ে নির্মাতা রাজীবও ফেসবুকে সুখবরটি জানান। সহকর্মী থেকে শুরু করে বিনোদন অঙ্গনের শুভাকাঙ্ক্ষীরা আদনানের এ খবরে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
কানে তাঁর সিনেমার মনোনয়ন নিয়ে জানতে চাইলে উচ্ছ্বসিত আদনান প্রথম আলোকে বলেন, এবারই প্রথম কান উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের কোনো ছবি জায়গা করে নিয়েছে। তাঁর ভাষ্যে, ‘আমি বিশ্বাসই করতে পারছি না। অদ্ভুত একটা অভিজ্ঞতা। পুরোটাই স্বপ্নের মতো। মনে হচ্ছে, ডুবে যাচ্ছি, আবার ভেসে উঠছি। বোঝানো যাবে না, হার্টবিট (হৃৎস্পন্দন) বেড়ে যাচ্ছে। কান চলচ্চিত্র উৎসব পৃথিবীর অন্যতম মর্যাদাপূর্ণ আসর। জানতে পেরেছি, সাড়ে চার হাজার চলচ্চিত্র থেকে আমাদেরটা নির্বাচিত হয়েছে। এটা আসলে কল্পনাই করা যায় না।’
‘পুরোটাই স্বপ্নের মতো মনে হচ্ছে, ডুবে যাচ্ছি, আবার ভেসে উঠছি’