বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। মাঠে তার জাদুকরী পারফরম্যান্স, অসংখ্য রেকর্ড এবং অর্জনের কারণে তিনি কোটি মানুষের অনুপ্রেরণা। তবে ফুটবলের বাইরেও তার ব্যক্তিগত জীবন, মূল্যবোধ ও পারিবারিক বন্ধন ভক্তদের কাছে সমানভাবে আলোচনার বিষয়।
বুধবার (২৪ জুন) ৩৯ বছরে পা রেখেছেন আর্জেন্টাইন এই মহাতারকা। জন্মদিন উপলক্ষে বিশ্বের নানা প্রান্তে থাকা ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তাকে। বাংলাদেশেও ছিল একই চিত্র। ফেসবুকজুড়ে দেখা গেছে মেসিকে নিয়ে অসংখ্য পোস্ট, স্মৃতিচারণ ও ভালোবাসার প্রকাশ।
এই দিনে মেসিকে নিয়ে আবেগঘন একটি পোস্ট করেছেন জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি। নিজের ফেসবুকে মেসির একাধিক ছবি শেয়ার করে তিনি ফুটবল তারকার প্রতি নিজের মুগ্ধতা ও ভালোবাসার কথা তুলে ধরেন।
পোস্টে খুশি লিখেছেন, “শুভ জন্মদিন লিওনার্দ মেসি। বিশ্বকাপে ১৮ গোলের ইতিহাস করা খেলোয়াড় মেসি। সবার কাছেই এখন ভালোবাসার নাম মেসি।”
তিনি জানান, দীর্ঘদিন ধরেই মেসির বিভিন্ন মুহূর্তের ছবি সংগ্রহ করে রেখেছেন। এমনকি একই ছবিও একাধিকবার সংরক্ষণ করেছেন না বুঝেই।
তবে মেসির একটি বিশেষ ছবি তাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। সেটি হলো মেসির পিঠে আঁকা উল্কির ছবি, যেখানে রয়েছে তার মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনির মুখ। মেসির সেই ছবিটি তুলেছেন ফটো সাংবাদিক পাভেল রহমান, ২০১১ সালে মেসির ঢাকা আগমনের সময় তোলা।
ছবিটি নিয়ে অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, “উল্কিতে তাঁর মায়ের মুখ, এটা জানার পর খুবই আবেগ আপ্লুত হয়ে গেলাম। আমি তো এক গ্রাম্য মা। সকল মা বা সন্তানের কথা শুনলেই আমার চোখ ঝাপসা হয়ে যায়। সেখানে তাঁর মতো বিশ্বসেরা মানুষ পিঠে উল্কি করে মায়ের মুখ এঁকেছেন, এটা একটা অনন্য ঘটনা লাগলো।”
মায়ের প্রতি মেসির এই ভালোবাসা ও শ্রদ্ধাবোধকে বিশেষভাবে উল্লেখ করে খুশি বলেন, “মানুষ বড় হবার জন্য কী কী লাগে তার সঠিক পরিমাপ আমি জানি না, কিন্তু জন্মদাত্রী মায়ের শুভাশীষ লাগে এটা নিশ্চিত। সে যত উন্নত-আধুনিক দেশই হোক না কেন, সব সন্তানের জন্ম তো মাতৃগর্ভেই হয়।”
পোস্টের শেষাংশে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, “স্যালুট মাই হিরো লিওনার্দ মেসি।”


