পাকিস্তানের ৫৫ সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের, পাল্টা দাবিতে ৭২ তালেবান নিহতের কথা জানাল পাকিস্তান – DesheBideshe

পাকিস্তানের ৫৫ সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের, পাল্টা দাবিতে ৭২ তালেবান নিহতের কথা জানাল পাকিস্তান – DesheBideshe

পাকিস্তানের ৫৫ সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের, পাল্টা দাবিতে ৭২ তালেবান নিহতের কথা জানাল পাকিস্তান – DesheBideshe

কাবুল, ২৭ ফেব্রুয়ারি – সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। এই সংঘাতে পাকিস্তানের ৫৫ জন সেনাকে হত্যা এবং কয়েকজনকে জীবিত আটকের দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। একইসঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর কয়েকশ অস্ত্র জব্দ করার কথাও জানানো হয়েছে।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে সীমান্তে পাকিস্তানের সামরিক পোস্টগুলোর বিরুদ্ধে তাদের পাল্টা অভিযান সমাপ্ত হয়েছে। সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাতের নির্দেশে স্থানীয় সময় রাত ১২টায় এই অভিযান শেষ করা হয়।

বিবৃতিতে দাবি করা হয়েছে যে এই অভিযানে পাকিস্তানের ৫৫ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আফগান বাহিনী কয়েকজনের মরদেহ ও বিপুল সংখ্যক হালকা ও ভারী অস্ত্র জব্দ করেছে এবং কয়েকজন সেনাকে জীবিত আটক করতে সক্ষম হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায় যে অভিযানের সময় পাকিস্তান বাহিনীর দুটি সদরদপ্তর ও ১৯টি চেকপোস্ট তারা দখল করে নিয়েছে। তবে এই সংঘর্ষে আটজন আফগান সেনা নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন বলে স্বীকার করা হয়েছে।

বিবৃতিতে তোরখাম এলাকায় প্রত্যাবাসনপ্রত্যাশীদের একটি অস্থায়ী শিবিরে পাকিস্তান বাহিনীর বিমান হামলার কথাও উল্লেখ করা হয় যেখানে নারী ও শিশুসহ ১৩ জন আহত হয়েছেন। আফগান ভূখণ্ডে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে বলে দাবি করেছে কাবুল।

অন্যদিকে চলমান সংঘর্ষে আফগান তালেবানের ৭২ যোদ্ধাকে হত্যার পাল্টা দাবি করেছে পাকিস্তান। ইসলামাবাদ জানিয়েছে যে এই অভিযানে পাকিস্তানের দুই নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন।

পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বলা হয়েছে যে পাকিস্তান বিমানবাহিনী আফগানিস্তানের নানগারহার প্রদেশে একটি গোলাবারুদ গুদাম ধ্বংস করেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি কাবুলেও বিস্ফোরণের শব্দ শোনার কথা নিশ্চিত করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈদেশিক গণমাধ্যমবিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি জানান যে আফগান দিক থেকে হামলার জবাবে পাল্টা আঘাতের অনুমোদন দেওয়া হয়েছে এবং একাধিক দফায় তা কার্যকর করা হয়েছে।

তিনি দাবি করেন যে মোট ৭২ জন আফগান তালেবান যোদ্ধা নিহত এবং ১২০ জনের বেশি আহত হয়েছে। এছাড়া ১৬টি পোস্ট ধ্বংস এবং সাতটি পোস্ট দখল করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top