পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। শুক্রবার জুমার নামাজ চলাকালে দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারলাই কালান এলাকার খাদিজাতুল কুবরা মসজিদে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

আল জাজিরা জানিয়েছে, ইসলামাবাদ প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণের পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অন্তত ১৬৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবার সন্ধ্যায় সশস্ত্র গোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস) তাদের টেলিগ্রাম চ্যানেলে হামলার দায় স্বীকার করে। গোষ্ঠীটি হামলাকারীর একটি ছবি প্রকাশ করেছে, যেখানে তার মুখ ঢাকা এবং চোখ ঝাপসা করা ছিল। এর আগে পাকিস্তানের শিয়া সংখ্যালঘুদের লক্ষ্য করে চালানো একাধিক হামলার জন্য আইএসআইএলের একটি সহযোগী সংগঠনকে দায়ী করা হয়েছিল।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, হামলাকারী মসজিদের নিরাপত্তারক্ষীদের বাধার মুখে পড়লে প্রথমে তাদের ওপর গুলি চালায় এবং পরে মুসল্লিদের ভিড়ে নিজেকে বিস্ফোরণ ঘটায়। তিনি দাবি করেন, হামলাকারীর আফগানিস্তানে যাতায়াত ছিল।

উল্লেখ্য, এর আগেও ইসলামাবাদে একাধিক ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। ২০২৩ সালের নভেম্বরে জেলা বিচারিক কমপ্লেক্সের প্রবেশপথে এক হামলায় অন্তত ১২ জন নিহত হন। আর ২০০৮ সালে ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে ট্রাক বোমা হামলায় প্রাণ হারান অন্তত ৬৩ জন।

Scroll to Top