ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষাগুলো প্রকাশ্যে আসতে শুরু করেছে। এসব সমীক্ষায় দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন পূর্বাভাস, তবে অধিকাংশ ক্ষেত্রেই এগিয়ে রয়েছে বিজেপি। যদিও বেশকিছু সমীক্ষায় শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত মিলেছে।
আনন্দবাজার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন। এর আগে ২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পায়, যেখানে বিজেপি পেয়েছিল ৭৭টি আসন।
বিভিন্ন সংস্থার বুথফেরত জরিপে উঠে এসেছে ভিন্ন ভিন্ন চিত্র। ম্যাট্রিজ়ের সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে পারে ১৪৬ থেকে ১৬১টি আসন, আর তৃণমূলের সম্ভাব্য আসন ১২৫ থেকে ১৪০। অন্য দলগুলো পেতে পারে ৬ থেকে ১০টি আসন।
চাণক্য স্ট্র্যাটেজির জরিপে বিজেপিকে আরও এগিয়ে দেখানো হয়েছে। তাদের হিসাবে, বিজেপি ১৫০ থেকে ১৬০টি আসন পেতে পারে, আর তৃণমূলের আসন সংখ্যা থাকতে পারে ১৩০ থেকে ১৪০-এর মধ্যে। অন্যান্যদের জন্য রাখা হয়েছে ৬ থেকে ১০টি আসন।
অন্যদিকে পিপল্স পাল্স-এর সমীক্ষায় ভিন্ন চিত্র উঠে এসেছে। সেখানে তৃণমূলকে এগিয়ে দেখানো হয়েছে, তাদের সম্ভাব্য আসন সংখ্যা ১১৭ থেকে ১৮৭। বিজেপি পেতে পারে ৯৫ থেকে ১১০টি আসন। এছাড়া কংগ্রেস ১ থেকে ৩টি এবং বামফ্রন্ট শূন্য থেকে একটি আসনে জয় পেতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
পি-মার্কের সমীক্ষাতেও বিজেপির এগিয়ে থাকার পূর্বাভাস রয়েছে। তাদের মতে, বিজেপি ১৫০ থেকে ১৭৫টি আসন পেতে পারে, বিপরীতে তৃণমূল পেতে পারে ১১৮ থেকে ১৩৮টি আসন। এই সমীক্ষায় অন্যান্য দলগুলোর জন্য কোনো আসন ধরা হয়নি।
তবে ভারতের নির্বাচনী অভিজ্ঞতা বলছে, বুথফেরত সমীক্ষা সবসময় বাস্তব ফলাফলের সঙ্গে মেলে না। ফলে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতেই হবে।




