পল্টন থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গাড়ি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, গাড়িটির মালিক পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) সিবগাতুল্লাহ। তবে গাড়িটি কে চালাচ্ছিলেন, তা নিশ্চিত করতে পারেননি তিনি।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আজ পল্টন টাওয়ার থেকে প্রায় ১০০ মিটার ডান দিকে শাখা সড়কে ঢাকা মেট্রো-ঘ-১৯-৭০৭৭ নম্বরের একটি গাড়ি একটি রিকশাকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) নিয়ে যান।
