পর্তুগালে মারা গেছেন সিলেটের রিপন আহমেদ | চ্যানেল আই অনলাইন

পর্তুগালে মারা গেছেন সিলেটের রিপন আহমেদ | চ্যানেল আই অনলাইন

পর্তুগালে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে পাড়ি জমানো প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকা বেনফরমসাতে মৃত্যুবরন করেছেন সিলেটের সন্তান রিপন আহমেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এই আকস্মিক বিয়োগে লিসবনের বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া বিরাজ করছে। 

রিপন আহমেদের মরদেহ বর্তমানে লিসবনের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র তৈরির কাজ শেষে দ্রুততম সময়ের মধ্যে তার মরদেহ দেশে স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা করছেন স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও সহকর্মীরা।

দিন দিন পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অকাল মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম বেতন, কাগজ পাওয়ার দীর্ঘ প্রতীক্ষা, স্থায়ী কাজের অনিশ্চয়তা এবং আকাশচুম্বী জীবনযাত্রার ব্যয় সব মিলিয়ে এক বিষাদময় মানসিক চাপের মধ্য দিয়ে দিন পার করছেন প্রবাসীরা। দেশ থেকে নেওয়া ঋণের বোঝা আর স্বজনদের প্রত্যাশার চাপ তো আছেই।

পর্তুগালে দীর্ঘদিন বসবাস করা প্রবাসী বাংলাদেশী রনি হুসাইন বলেন , আমরা স্বপ্নের পিছে ছুটতে গিয়ে নিজেদর জীবনের ওপর অতিরিক্ত অত্যাচার করে ফেলছি। অতিরিক্ত কাজের চাপ, পুষ্টিকর খাবারের অভাব এবং নিঃসঙ্গতার কারণে অনেকেই মানসিক অবসাদে (ডিপ্রেশন) ভুগছেন।

Scroll to Top