পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষক পাচ্ছেন ‘কৃষক কার্ড’, পহেলা বৈশাখে উদ্বোধন – DesheBideshe

পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষক পাচ্ছেন ‘কৃষক কার্ড’, পহেলা বৈশাখে উদ্বোধন – DesheBideshe

পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষক পাচ্ছেন ‘কৃষক কার্ড’, পহেলা বৈশাখে উদ্বোধন – DesheBideshe

টাঙ্গাইল সদর, ১৭ মার্চ – সরকার পরীক্ষামূলকভাবে দেশের ২২ হাজার কৃষককে ‘কৃষক কার্ড’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী পহেলা বৈশাখে টাঙ্গাইল সদরে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

মঙ্গলবার ১৭ মার্চ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ক এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী পহেলা বৈশাখ টাঙ্গাইল সদরে এই প্রি-পাইলটিং প্রজেক্টের উদ্বোধন করবেন। কৃষকদের সহায়তার লক্ষ্যে দেশের ১১টি উপজেলায় একযোগে এই কার্ড বিতরণ করা হবে।

নির্ধারিত ১১টি উপজেলা হলো টাঙ্গাইলের সদর, পঞ্চগড়ের সদর ও ভোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকূপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী।

আতিকুর রহমান রুমন আরও উল্লেখ করেন, কৃষকদের সহায়তায় কৃষক কার্ড চালু করা বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বর্তমান সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, ইমাম ও মুয়াজ্জিন এবং পুরোহিতদের সম্মানী ভাতাসহ খাল খনন কর্মসূচি শুরু করেছে।

মঙ্গলবারের এই গুরুত্বপূর্ণ বৈঠকে কৃষিমন্ত্রী মো. আমিনুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ এম/ ১৭ মার্চ ২০২৬



Scroll to Top