পররাষ্ট্র সচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক | চ্যানেল আই অনলাইন

পররাষ্ট্র সচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে হার্ডার বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন। এছাড়া তিনি লালবাগ কেল্লা পরিদর্শন করেন, যা বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও টেকসই পর্যটনে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারকে তুলে ধরে।

সোমবার (২০ এপ্রিল) বিশেষ দূত হার্ডার ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উভয় দেশ ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করে।

রোববার উপ-মিশন প্রধান মেগান বোল্ডিনকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল লালবাগ কেল্লা পরিদর্শন করেন। এ সফরের আয়োজন করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

পরিদর্শনকালে প্রতিনিধি দল মোগল যুগের হাম্মামখানা ঘুরে দেখেন, এটি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ তহবিলের সহায়তায় পুনরুদ্ধার করা হয়েছে।

যুক্তরাষ্ট্র পক্ষ জানায়, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ উদ্যোগ টেকসই পর্যটন উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৭ শতকে নির্মিত লালবাগ কেল্লা ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসেবে দেশি-বিদেশি পর্যটক আকর্ষণ করে আসছে।

Scroll to Top