
পঞ্চগড়, ১৮ জুলাই – পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় প্রতি শুক্রবার নিয়মিতভাবে বসছে পুরোনো মোটরসাইকেলের বিশেষ একটি হাট। সীমান্তবর্তী এই জেলার ব্যতিক্রমী এই উদ্যোগে এখন দূর থেকে ক্রেতা ও বিক্রেতারা নিয়মিত ভিড় করছেন।
কোনো প্রকার দালালের দৌরাত্ম্য ছাড়াই সরাসরি মোটরসাইকেল কেনাবেচার সুযোগ থাকায় এই হাটটি দিন দিন সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। সাপ্তাহিক এই হাটের কার্যক্রম শুরু হয় শুক্রবার সকাল ১০টা থেকে। শুরুতে ভিড় কিছুটা কম থাকলেও বেলার বাড়ার সঙ্গে সঙ্গে শত শত মোটরসাইকেলের সমাগমে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
আটোয়ারী উপজেলার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় বসা এই হাটে পঞ্চগড়সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষ তাদের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে কেনাবেচার জন্য আসেন। হাটের নিয়ম অনুযায়ী, বিক্রেতাদের প্রথমে মাত্র ৫০ টাকা দিয়ে তাদের মোটরসাইকেলটি নিবন্ধন করতে হয়।
এরপর সেই মোটরসাইকেলের সামনে একটি লিফলেট ঝুলিয়ে দেওয়া হয়, যেখানে গাড়ির বিস্তারিত বিবরণ ও প্রত্যাশিত বিক্রয়মূল্য উল্লেখ থাকে। ক্রেতারা হাটে ঘুরে পছন্দমতো মোটরসাইকেল দেখেন এবং বিক্রেতার সঙ্গে সরাসরি দরদামের মাধ্যমে কেনাবেচা সম্পন্ন করেন।
দিনাজপুরের বীরগঞ্জ থেকে আসা এক বিক্রেতা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে এই হাটের খবর পেয়ে তিনি এখানে নিজের বাইকটি বিক্রি করতে এসেছেন। আগে পুরোনো মোটরসাইকেল বিক্রির ক্ষেত্রে দালালের ওপর নির্ভর করতে হতো, কিন্তু এখন সরাসরি ক্রেতার কাছে বিক্রি করে ন্যায্য দাম পাওয়া যাচ্ছে।
ক্রেতারাও তাদের বাজেট অনুযায়ী বিভিন্ন ব্র্যান্ডের বাইক থেকে পছন্দেরটি বেছে নিতে পারছেন। হাটটির প্রধান উদ্যোক্তা আক্তারুজ্জামান পল্লব জানান, সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে এবং দালালমুক্ত একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই হাটের কারণে বর্তমানে ১৫ থেকে ১৬ জন বেকার তরুণের নতুন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। কেনাবেচা চূড়ান্ত হওয়ার পর ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ হাট পরিচালনা ব্যয় হিসেবে নেওয়া হয়।
গত ১২ জুন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপা মনি দেবী আনুষ্ঠানিকভাবে এই হাটের উদ্বোধন করেন। স্থানীয় প্রশাসনের মতে, এই উদ্যোগের ফলে উপজেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়ছে এবং স্থানীয় ব্যবসা বাণিজ্যেও গতি ফিরছে।
এস এম/ ১৮ জুলাই ২০২৬





