কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় একাধিক মামলার আসামিকেও আটক করা হয়েছে।
সোমবার ৪ মে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট মাদক ও আগ্নেয়াস্ত্র জব্দের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, অভিযানের অংশ হিসেবে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকার একটি ইটভাটায় তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ইটভাটার মাটির নিচে সুপরিকল্পিতভাবে পুঁতে রাখা অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা।
এ সময় ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। পাশাপাশি আলিখালি এলাকা থেকে অস্ত্র ও মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নরুল কবিরকে আটক করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম পরিচালনার জন্য তাকে টেকনাফ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানায়, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।




