নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রবাস থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের সবাই নারী ও শিশু।
আজ (৬ আগস্ট) বুধবার ভোরে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদিশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে এবং নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের চৌপল্লি গ্রামের ওমানপ্রবাসী বাহার উদ্দিন পরিবারের সদস্যদের নিয়ে একটি হাইএস মাইক্রোবাসে করে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। ভোরের দিকে জগদিশপুর এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়।
দুর্ঘটনায় বাহার উদ্দিনের স্ত্রী কবিতা, মেয়ে মিমসহ মোট ছয়জন ঘটনাস্থলেই নিহত হন। নিহত সবাই একই পরিবারের সদস্য। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। হতাহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।





