
উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম লেগে জয়ের পর দ্বিতীয় লেগেও অপ্রতিরোধ্য স্পেন। মিকেল মোরিনোর জোড়া গোলে স্বাগতিক ক্রোয়েটদের ২-১ গোলে হারিয়েছে স্পেন। আসরে টানা চতুর্থ জয় বিশ্বচ্যাম্পিয়নদের। দিনের আরেক ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারায় ইংল্যান্ড। দলের হয়ে জোড়া গোল করেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন।
মঙ্গলবার রাতে ক্রোয়োশিয়ার ঘরের মাঠ পোলজুদ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হয় স্বাগতিকরা। খেলার শুরুতেই ১৭ মিনিটে ইভান পেরেসিচের গোলে লিড পায় ক্রোয়োশিয়া। বিরতির আগে আর কোন গোল না হলে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বিশ্বচ্যাম্পিয়নরা।
বিরতির পর মাঠে নেমে একের পর অক্রমন করে স্পেন। ৬১ মিনিটে বদলি খেলোয়াড় মিকেল মোরিনোর গোলে ১-১ সমতায় যায় স্পেন। ৭৯ মিনিটে ইভান পেরেসিচ লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় ক্রোয়োশিয়া। ৮৮ মিনিটে মিকেল মোরিনোর দ্বিতীয় গোলে জয় পায় লুইস ডে লা ফুয়েন্তের দল।
ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড। জোড়া গোল করেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। প্রথমার্ধের ২৭ মিনিটে চেক প্রজাতন্ত্রের ডিফেন্ডার ভ্লাদিমির কুফাল নিজেদের জালেই বল জড়ালে ১-০তে এগিয়ে যায় ইংল্যান্ড। ৪০ মিনিটে অধিনায়ক হ্যারি কেন গোল করলে ২-০তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ইংল্যান্ড।
বিরতি থেকে ফিরে ৫৭ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন হ্যারি কেন। ব্যবধান দাঁড়ায় ৩-০ গোলে। শেষ অবধি ব্যবধান অটুট রেখে ম্যাচ শেষ করে থমাস টুখেলের দল।
নেশনস নিগে অন্য ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরেছে স্কটল্যান্ড। নর্থ মেসিডোনিয়াকে ৩-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড।
সান মেরিনোর বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে আলবেনিয়া। ঘরের মাঠে ফিনল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে বেলারুশ। স্বাগতিক মালদোভার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে স্লোভাকিয়া।
অন্য ম্যাচে জয় পেয়েছে বুলগেরিয়া। স্বাগতিক লুক্সেমবার্গকে ২-০ গোলে হারায় তারা। এছাড়া এস্তোনিয়া ও আইসল্যান্ড ম্যাচটি ড্র হয়েছে শূন্য সমতায়।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

