নেপাল ও চীন সীমান্তে ভয়াবহ বন্যায় জাতিসংঘ মহাসচিবের গভীর শোক – DesheBideshe



কাঠমন্ডু, ২৭ আগস্ট – নেপাল ও চীনের সীমান্ত এলাকায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি, নিখোঁজ এবং ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

এক শোকবার্তায় তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

মহাসচিব গুতেরেস তার বার্তায় উল্লেখ করেন যে, এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে অসংখ্য মানুষের মৃত্যু ও নিখোঁজের সংবাদে তিনি অত্যন্ত মর্মাহত। ক্ষতিগ্রস্ত দেশ ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে তিনি জানান, নেপাল সরকারের নেতৃত্বে পরিচালিত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করার জন্য জাতিসংঘের বিভিন্ন দল এবং অংশীদাররা প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল পাঠাতে প্রস্তুতি গ্রহণ করেছে।

উল্লেখ্য, নেপালে আকস্মিক এই বন্যায় এখন পর্যন্ত অন্তত ১৫৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, নেপাল পুলিশ দুর্যোগ কবলিত এলাকাগুলো থেকে ১৫৭টি মরদেহ উদ্ধার করেছে।

এছাড়া দুর্যোগের পর থেকে অন্তত ৪০৩ জন পর্যটকের খোঁজ পাওয়া যাচ্ছে না, যাদের মধ্যে ৩৪১ জনই বিদেশি নাগরিক বলে জানা গেছে।

এনএন/ ২৭ আগস্ট ২০২৬



Scroll to Top