নিষেধাজ্ঞা অমান্য: হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে ইরানের ড্রোন হামলা – DesheBideshe

নিষেধাজ্ঞা অমান্য: হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে ইরানের ড্রোন হামলা – DesheBideshe

নিষেধাজ্ঞা অমান্য: হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে ইরানের ড্রোন হামলা – DesheBideshe

তেহরান, ৭ মার্চ – নিষেধাজ্ঞা অমান্য করে যাতায়াতের রুট হিসেবে ব্যবহার করায় হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাহিনীটি।

হামলার শিকার ওই ট্যাঙ্কার জাহাজটির নাম প্রিমা, তবে এটি কোন দেশের মালিকানাধীন তা নিশ্চিত করা হয়নি। বিবৃতিতে আইআরজিসি উল্লেখ করেছে যে হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপীয় দেশগুলোর জাহাজ চলাচল নিষিদ্ধ করার পরও প্রিমা নামের জাহাজটি সেই সতর্কবার্তা উপেক্ষা করেছিল।

আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী এই প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ, যার মাধ্যমে বিশ্বের মোট তেল ও তরল গ্যাসবাহী জাহাজের ২০ শতাংশ চলাচল করে। একে জ্বালানির বৈশ্বিক দরজাও বলা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনার জেরে হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজের ওপর নজরদারি বাড়িয়েছে ইরান। ইউকে মেরিটাইম অপারেশনের তথ্যমতে, ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ওই এলাকায় ১০টি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।

এনএন/ ৭ মার্চ ২০২৬



Scroll to Top