এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সফল করতে প্রশাসনের উপর যে দায়িত্ব ছিলো তা পূরণে ব্যর্থ হয়েছেন তারা। নির্বাচনে প্রশাসন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি।’
রোববার (১৫ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর প্রেসক্লাব মিলনায়তনে বরিশাল-৩ আসনে নির্বাচনে অনিয়ম, বিশৃঙ্খলা ও হয়রানির বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ফুয়াদ আরো বলেন, ‘বিএনপির যে নেতাকর্মীরা নব্য আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠছে, তাদের নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। চর দখলের নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছেন, তারা ২৪ এর অভ্যুত্থান ভুলে যাবেন না’
তিনি বলেন, ‘৫৫ বছর পরে এসেও রামদা, চাপাতির পছন্দের মানুষের কাছে ভোট চাইতে না পারাটা লজ্জার। জাতীয় চরিত্র সমাধান করার আগ পর্যন্ত এগুলো পরিবর্তন করা যাবে না।’
সবশেষে তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি যদি তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এই নেতা কর্মী দিয়ে বেশিদিন ক্ষমতা ধরে রাখতে পারবেন না তিনি। আর বিএনপির ৩১ দফা কাগজ-কলমে নয়, জনগণ বাস্তবে দেখতে চায় বলেও জানান তিনি।



