নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীদের ওপর জামায়াতের হামলার তীব্র নিন্দা বিএনপির | চ্যানেল আই অনলাইন

নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীদের ওপর জামায়াতের হামলার তীব্র নিন্দা বিএনপির | চ্যানেল আই অনলাইন

নির্বাচনী প্রচারণার সময় পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। হামলায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

আজ ২৮ নভেম্বর শুক্রবার রাতে দলটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এই হামলার সঙ্গে জড়িত ছিলেন। বিএনপি অভিযোগ করেছে, হামলার নেতৃত্ব দিয়েছেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু তালেব মণ্ডল।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রচারণার সময় জামায়াত কর্মীরা ধর্মীয় প্রলোভন ও জান্নাতের টিকিট–জাতীয় বক্তব্য ব্যবহার করলে কিছু স্থানীয় ধর্মপ্রাণ মানুষ প্রতিবাদ জানান। এরপর জামায়াত কর্মীরা তাদের ওপর আক্রমণ চালিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়। যদিও কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে, দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত ছবিতে হামলাকারী জামায়াত কর্মী তুষারকে অস্ত্র হাতে দেখা গেছে।

বিএনপি বিবৃতিতে উল্লেখ করেছে, দল শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর। তবে সংযমকে দুর্বলতা হিসেবে ভাবা উচিত নয়। সহিংসতার জবাব তারা উত্তেজনায় দেবেন না, কারণ নির্বাচনী পরিবেশ অনিশ্চিত হলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে।

দলটি সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি করেছে।

Scroll to Top