
ঢাকা, ১৮ জানুয়ারি – তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প, প্রস্তাবিত বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আলোচনা করেছেন।
রোববার (১৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে খলিলুর রহমান ও ইয়াও ওয়েনের মধ্যে এ বৈঠক হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
প্রধান উপদেষ্টার দপ্তর জানায়, বৈঠকটি আন্তরিক ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়। সেখানে দুই পক্ষ পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও উন্নয়ন সহযোগিতার অঙ্গীকার আবারও তুলে ধরেন।
তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের বিষয়ে চীনের রাষ্ট্রদূত জানান, তিনি তিস্তা প্রকল্প এলাকা পরিদর্শনের পরিকল্পনা করছেন। একই সঙ্গে চলমান প্রযুক্তিগত সমীক্ষা দ্রুত শেষ করার বিষয়ে চীনের অঙ্গীকারও তিনি পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে প্রস্তাবিত বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল নিয়েও আলোচনা হয়। এটি স্বাস্থ্য খাতে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
এছাড়া বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণে চীন সরকারের অব্যাহত সমর্থনের কথা পুনরায় জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য শুভকামনাও জানান।
এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬





