মুন্সিগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় মো. জসিম নায়েব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন।
শুক্রবার ১৩ ফেব্রুয়ারি দুপুরে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লা গ্রামে এ সহিংসতার ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মাফিক নায়েবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জ ৩ আসনে ধানের শীষ প্রতীকের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের সমর্থক মো. জসিম নায়েবের বাড়িতে গিয়ে গালিগালাজ করেন। একপর্যায়ে তারা জসিম নায়েবকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মারা যান তিনি।
নিহতের বড় ভাই মো. মশিউর রহমান বলেন, ডা. নাসিরের ছেলে সেচ্ছাসেবক দলের নেতা সাকিবের নেতৃত্বে প্রায় দুই শতাধিক ধানের শীষের সমর্থক তাদের বাড়িতে গিয়ে তার ভাইকে গালিগালাজ করেন। একপর্যায়ে তারা আমার ভাইকে বেধড়ক মারধর করেন। ওই হামলার পর তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় নেওয়া হয়। শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।
মুন্সিগঞ্জ সদর সার্কেলের (সদর-গজারিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি এবং তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত জসিম নায়েব স্থানীয় একটি মাদ্রাসা পরিচালনার দায়িত্বে ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ ৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত বিএনপি (বিদ্রোহী প্রার্থী) ফুটবল মার্কার মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন নিহত জসিম। নির্বাচনের ১দিন পরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।


