নির্বাচন কমিশনকেও গণভোট নিয়ে মাঠে নামতে হবে: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

নির্বাচন কমিশনকেও গণভোট নিয়ে মাঠে নামতে হবে: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

২০০৭ সালে সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচন কমিশনার হিসেবে মাঠপর্যায়ে কাজ করার অভিজ্ঞতা উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, ‘এটা (গণভোটে হ্যাঁ–এর পক্ষে প্রচার) নির্বাচন কমিশনেরও দায়িত্ব। এবার নির্বাচন কমিশনের কাজ ভোটের পাশাপাশি গণভোট কী, সেটা জনগণকে বলা। ইসিকে অনুরোধ করব, আপনারা মবিলাইজ করুন; শুধু ভোট নয়, গণভোট কীভাবে হবে সেটা জনগণকে বোঝানোর চেষ্টা করুন, প্রয়োজনে অন্যদের সহযোগিতা নিন। এই কাজটা শুধু সরকার করতে গেলে অনেক কথা উঠবে।’

নাগরিক সংগঠনগুলোরও নির্বাচন কমিশনকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে এই উপদেষ্টা বলেন, এটা অত্যন্ত জরুরি। ভবিষ্যতে যাতে অতীতের মতো শাসনব্যবস্থা না দেখতে হয়, সে জন্য এটা করতে হবে। সরকার প্রচার করছে। নির্বাচন কমিশনকেও গণভোট নিয়ে মাঠে নামতে হবে। সে ক্ষেত্রে যা সহযোগিতা দরকার, তা সরকার করবে।

সুজনকে জেলায় জেলায় গিয়ে প্রচার এবং অন্যদেরও যুক্ত করে ২০০৭ সালের মতো সহযোগিতা করার আহ্বান জানান উপদেষ্টা সাখাওয়াত। তিনি বলেন, ‘সরকার যা-ই করুক না কেন, গণভোটের বিষয়টাকে জনগণের দুয়ারে নিতে সুজনের মতো সংগঠনের ভূমিকা দরকার। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকাও আরও জোরালো হওয়া প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।’

উপদেষ্টার বক্তব্যের পর বৈঠকে সুজনের প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার তাঁকে আশ্বস্ত করে বলেন, ২০০৭–০৮ সালের মতো করে এবারও আমরা প্রচার-প্রচারণা করছি। তরুণ ও নারীদের মবিলাইজ করার চেষ্টা করছি। গণভোটটা আমাদের অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত। আমরা লেগে থাকব।

Scroll to Top