
লালমনিরহাট, ১৩ মার্চ – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি জানিয়েছেন, সরকার নির্ধারিত সময়ে সকল কর্মকর্তাকে অবশ্যই নিজ নিজ কার্যালয়ে উপস্থিত থাকতে হবে। যদি কোনো কর্মকর্তার বিরুদ্ধে দেরিতে অফিসে আসার অভিযোগ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। লালমনিরহাট সদর উপজেলা পরিষদে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি বিষয়ক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, দেশের সাধারণ মানুষ বিএনপির নির্বাচনী ইশতেহার গ্রহণ করে বিপুল জনসমর্থন ও ম্যান্ডেট দিয়ে তাদের সংসদে পাঠিয়েছে। জনগণের এই আস্থার প্রতিদান দিতে সরকার পুরোপুরি বদ্ধপরিকর।
তিনি আরও জানান, বর্তমান সরকার তাদের ইশতেহার অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান, খাল খনন এবং কৃষি ঋণ মওকুফের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। সরকারের দায়িত্ব নেওয়ার প্রথম ১৮০ দিনের পরিকল্পনার কতটুকু বাস্তবায়ন হয়েছে, তা যাচাই করার উদ্দেশ্যেই এই পর্যালোচনা সভার আয়োজন করা হয়। লালমনিরহাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, প্রশাসনকে একটি আলোকিত লালমনিরহাট গড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মাদক নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া এবং বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধগুলো পুরোপুরি নির্মূল করতে প্রশাসনকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধ থাকা লালমনিরহাট বিমানবন্দর দ্রুত চালু করার বিষয়েও তিনি উদ্যোগ নিয়েছেন। ব্যক্তিগতভাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে লালমনিরহাট সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে তিনি জানান। এর আগে সকালে লালমনিরহাট সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান ত্রাণমন্ত্রী। সেখানে হাসপাতালের ওয়ার্ড ও চারপাশের চরম অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরিস্থিতি উন্নয়নে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মাত্র ৬ ঘণ্টার আল্টিমেটাম দেন আসাদুল হাবিব দুলু।
এস এম/ ১৩ মার্চ ২০২৬





