নিরাপত্তারক্ষী থেকে টেস্ট আঙ্গিনায়, অভিষেকেই ইতিহাস শামারার | চ্যানেল আই অনলাইন

Fresh Add Mobile

ক্যারিবীয় অঞ্চলের দ্বীপদেশ গায়ানার দুর্গম গ্রাম বারাকারা, সেখানে ১৯৯৯ সালের ৩১ আগস্ট অসচ্ছল এক পরিবারে জন্ম শামার জোসেফের। মাত্র পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা ঝুলিতে ছিল এ পেসারের। গতবছর ক্রিকেটে মনোযোগ দেয়ার পর পরিবার দেখভালের জন্য নেয়া নিরাপত্তা প্রহরীর চাকরিটা ছেড়ে দিতে হয়। এখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর বল হাতে দ্যুতি ছড়িয়ে সময়টা দারুণ উপভোগ করছেন। জীবনযুদ্ধে লড়াকু সৈনিকের হার না মানা অতীত ইতিহাস এখন বিশ্ব ক্রিকেটে আলোচনার খোরাক।

অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ কীর্তি গড়েছেন শামারা। স্টিভেন স্মিথকে সাজঘরে ফিরিয়ে টেস্ট ইতিহাসের ২৩তম বোলার হিসেবে প্রথম বলেই উইকেটের দেখা পান। উইন্ডিজের প্রথম ইনিংসের ১৮৮ রানের জবাবে অজিদের ২৮৩ রানে অলআউট করায়ও মুখ্য ভূমিকা রেখেছেন। প্রথম ক্যারিবিয়ান বোলার হিসেবে অজি মাটিতে অভিষেকে ৫ উইকেট নিয়ে হয়েছেন সম্মানের পাত্র, গড়েছেন নতুন ইতিহাস। টেস্ট ক্যাপে চুমু দিয়ে যেন বার্তাই দিলেন, টি-টুয়েন্টির যুগে ক্যারিবীয়দের কাছে গুরুত্ব হারাতে বসা ক্রিকেটের প্রাচীন ফরম্যাটটি তার কতটা আপন!

স্বাগতিকরা ৯৫ রানের বেশি লিড নিতে না পারলেও চালকের আসনেই রয়েছে। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৭৩ রান তুলতে খুইয়েছে ৬ উইকেট। ক্যাঙ্গারুদের চেয়ে এখনো ২২ রানে পিছিয়ে থাকা সফরকারীরা তৃতীয় দিনে হারের শঙ্কায় পড়েছে।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ইতিহাসে ক্যারিয়ারের প্রথম বলে উইকেট শিকারি মাত্র দ্বিতীয় বোলার শামারা। আগে বাঁহাতি ফাস্ট বোলার টাইরেল জনসন ১৯৩৯ সালে একই কীর্তি গড়েছিলেন।

পাঁচ ভাই ও তিন বোনের বড় পরিবারে বেড়ে ওঠা শামার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা, গুনে গুনে ১২ ঘণ্টা নিরাপত্তারক্ষীর কঠিন দায়িত্ব পালন করেছেন। ক্রিকেট খেলাটা সহজ কাজ নয় বলেও মন্তব্য করেছিলেন। তবে হৃদয় থেকে পছন্দের খেলাটি বাকি জীবন চালিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে দীর্ঘস্থায়ীভাবে ক্রিকেট উপভোগের ঘোষণা দিয়ে চাকরি ছাড়েন।

ক্যানজে নদী থেকে প্রায় ২২৫ কিলোমিটার যাত্রা করে বারাকারা পৌঁছাতে সাধারণত নৌকায় দুদিন সময় লাগে। দুর্গম গ্রামটিতে এমন এক পরিবেশে বেড়ে উঠেছেন শামারা, যেখানে ছিল না মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সুবিধা। ল্যান্ডফোন ছাড়া দূরের কারও সঙ্গে কথা বলার মাধ্যম ছিল না। ২০১৮ সালে গ্রামটি ইন্টারনেট সংযোগের আওতায় আসে। সাদাকালো টেলিভিশনে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলারদের ফুটেজ দেখে ক্রিকেটের প্রেমে পড়েছিলেন। শৈশবে মাঝে মাঝে পেয়ারা এবং লেবুকে খেলার বল হিসেবে ব্যবহার করতেন। সেই তিনি অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে তিনশো রানের আগেই গুটিয়ে দেয়ার মূল চরিত্র।

বৃহস্পতিবার ২ উইকেটে ৫৯ রান নিয়ে অজিরা দ্বিতীয় দিনের খেলা শুরু করে। শামারার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ১৪ রান করা ক্যামেরন গ্রিন। ওপেনার উসমান খাজা ১১১ বলে ৪৫ রানের ইনিংস খেলে আরেক অভিষিক্ত জাস্টিন গ্রিভসের শিকার হন। মিচেল মার্শ যখন কেমার রোচের বলে গ্রিভসের তালুবন্দি হন, তখন ১২৫ রানে ৫ উইকেট হারিয়ে অজিরা চাপে। লিড পাওয়ার খানিক আগে সাজঘরে ফেরেন অ্যালেক্স ক্যারি, তিনি গ্রিভসের বলে জশুয়া ডি সিলভার গ্লাভসবন্দি হন।

মিচেল স্টার্ককে নিয়ে সপ্তম উইকেটে ৫৪ রানের জুটি গড়েন লড়াকু ব্যাটিংয়ে সেঞ্চুরি পাওয়া ট্রাভিস হেড। ওয়ানডে মেজাজে ব্যাটিং করা হেড ১৩৪ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১১১ রানের ঝলমলে ইনিংস খেলেন। একইসঙ্গে টেস্টে ৩ হাজার রানের মাইলফলকে পা রাখেন। স্টার্ক ১০ রানে শামারার বলে তেজনায়ারণ চন্দরপলের হাতে ধরা পড়েন। সেঞ্চুরিয়ান হেডকে ড্রেসিংরুমের পথ দেখান আলঝারি জোসেফ।

অভিষেক টেস্টে শামারার মতো প্রথম বলে উইকেট পেয়েছিলেন নাথান লায়ন। সেই লায়নকে বোল্ড করে নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে ৫ উইকেট দখল করেন ২৪ বর্ষী ক্যারিবিয়ান পেসার। প্যাট কামিন্সকে বোল্ড করে অজিদের ইনিংস শেষ করেন কেমার রোচ।

কার্টলি অ্যামব্রোস এবং কোর্টনি ওয়ালশকে দেখে ফাস্ট বোলার হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করা শামারা ২০ ওভারে ৯৪ রান খরচায় নেন ৫ উইকেট। রোচ ও গ্রিভস দুটি ও জোসেফ পান একটি উইকেট।

টুকবার পার্ক ক্রিকেট ক্লাবের হয়ে কয়েকটি প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগের ম্যাচে শামারা প্রথম স্বীকৃত ক্রিকেট খেলার অভিজ্ঞতা অর্জন করেন। মাত্র ৩৫০ জন জনসংখ্যার ছোট্ট বারাকারা গ্রামের প্রথম টেস্ট ক্রিকেটার হয়ে সাক্ষাৎকারে বলেছিলেন, যে গ্রামে তিনি বেড়ে উঠেছেন রাতে সেখানকার মানুষ নিদ্রামগ্ন থাকতো না। দুর্গম এলাকা হওয়ায় আধুনিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন স্থানটির জনগণ আর্থিকভাবে স্থিতিশীল নয়। যদিও জীবিকার তাগিদে মাছ ধরতে গেলে কিংবা সবুজ শাক লাগালে অনাহারে থাকার মতো অবস্থা ছিল না। সহজ-সরল জীবনেই গ্রামবাসী অভ্যস্ত।

‘আপনার নিজেকে এবং পরিবারকে চালানোর জন্য কাজ করতে হবে। বারাকারা বেড়ে ওঠার জন্য একটি সুন্দর জায়গা। আপনি বারাকারায় কখনো এমন কখনো কষ্ট পাবেন না। কারণ সেখানে সবসময়ই সহজ জীবন থাকে।’

‘আমি ক্রিকেটের হাইলাইটস অনেক দেখেছি। তখন খেলোয়াড়দের দুর্দান্ত কর্মকাণ্ড দেখেছি। আমি মনে করি, এটি আমাকে আমার ক্যারিয়ারে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। সত্যি বলতে এটা আমার জন্য আশ্চর্যজনক। আমি বাড়িতে অনেক পরিশ্রম করেছি এবং এখন তার জন্য পুরস্কার পাচ্ছি। আমি শুধু সামনে যেতে প্রস্তুত। আমার সামনে আগামীর যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত।’

দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট এক ও তেজনায়ারণ চন্দরপল রানের খাতা না খুলে আউট হন। ৪০ রানে হারায় পঞ্চম উইকেট। দিনের শেষ বলেও উইকেট হারিয়ে সফরকারীরা পরাজয়ের শঙ্কায় রয়েছে। তিনে নামা কার্ক ম্যাকেঞ্জি ২৪ ও জাস্টিন গ্রিভস ২৬ রান করে বিদায় নেন।

প্রথম ইনিংসের মতো আবারো বল হাতে ঝলসে ওঠেন জশ হ্যাজেলউড। ৮ ওভারে মাত্র ১৬ রান খরচায় পান ৪ উইকেট। একটি করে উইকেট নেন ক্যামেরন গ্রিন ও নাথান লায়ন।

অস্ট্রেলিয়া জয়ের পথে, তবে অ্যাডিলেড টেস্ট ইতিহাসের পাতায় শামারার জীবনযুদ্ধে জয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। স্ত্রী ও ছেলেসহ পরিবারের সদস্যদের দেখাশোনার জন্য নিজের গ্রাম থেকে অনেকদূরে নিউ আমস্টারডামের পোর্ট সিটিতে সিকিউরিটি সার্ভিসেস নামে একটি নিরাপত্তা ফার্মে নৈশপ্রহরী হিসেবে কাজ করেছিলেন। আসবাবপত্র বানানোর কাজে লাগা কাঠের টুকরোগুলো নদীপথে নৌকায় নিয়ে যাওয়া মানুষটি আজ পাল তোলা জাহাজের নাবিক হয়ে স্বপ্নকে বাস্তবে ধরেছেন। যেন রূপকথার সুন্দর গল্পকেও হার মানানো কালজয়ী এক উপন্যাসের জীবনবাঁকে ছুটছেন শামারা।

Scroll to Top