
গাজীপুর, ১৪ মার্চ – বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বলেছেন, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি স্তরে পুলিশের প্রয়োজন রয়েছে। হাসপাতালে নবজাতকের চুরি রোধ থেকে শুরু করে কবরস্থানের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। পুলিশ ছাড়া সমাজ অচল। তাই সমাজকে সুরক্ষিত রাখতে তিনি জনগণের সহযোগিতা কামনা করেন।
তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকার এমন এক পুলিশ বাহিনী গড়তে চায়, যারা হবে সৎ, মানবিক এবং জনগণের প্রকৃত বন্ধু। পূর্বের ফ্যাসিস্ট ধ্যানধারণা থেকে বেরিয়ে আসতে পুলিশ কাজ করছে।
শনিবার বিকালে গাজীপুর জেলা পুলিশ লাইনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। আইজিপি আসন্ন ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার বিষয়েও কথা বলেন। তিনি জানান, দেশের অন্যতম ব্যস্ত ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।
ঈদযাত্রা স্বস্তিদায়ক করার লক্ষ্যে হাইওয়ে, জেলা ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে কাজ চলবে। এছাড়া মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসানো হবে এবং পুলিশের টহল জোরদার করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি এম মঞ্জুরুল করিম রনি গাজীপুরকে মাদকমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্বিঘ্ন ঈদযাত্রার জন্য পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান তিনি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের সভাপতিত্বে এবং অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সায়িখা আক্তার শিখার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম, ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক, গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমদ হোসেন ভূইয়া এবং পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
এনএন/ ১৪ মার্চ ২০২৬





