নিউজিল্যান্ডে বাসে এক যাত্রীর লাগেজ থেকে দুই বছরের শিশু উদ্ধার | চ্যানেল আই অনলাইন

নিউজিল্যান্ডে বাসে এক যাত্রীর লাগেজ থেকে দুই বছরের শিশু উদ্ধার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নিউজিল্যান্ডে বাসে করে যাওয়ার সময় এক নারীর লাগেজের ভেতর দুই বছরের এক মেয়ে শিশুকে উদ্ধার করার পর ২৭ বছর বয়সী ওই মহিলাকে গেপ্তার করেছে পুলিশ।

বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, রবিবার দেশটির উত্তরাঞ্চলের একটি ছোট শহর কাইওয়াকার একটি বাস স্টপে একজন যাত্রী লাগেজের বগিতে প্রবেশাধিকার চেয়ে জিজ্ঞাসা করার পর সেখানকার কর্মকর্তাদের ডাকা হয়েছিল।

নিউজিল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, “ব্যাগটি নড়তে দেখে চালক উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর ড্রাইভার যখন স্যুটকেসটি খুলেছেন, তখন লাগেজের ভেতর দুই বছরের একটি মেয়েকে দেখতে পান তারা।”

এই ঘটনায় ২৭ বছর বয়সী ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি শিশুর সাথে দুর্ব্যবহার এবং অবহেলার অভিযোগ আনা হয়েছে বলে জানান পুলিশ।

পুলিশ জানিয়েছে, “ছোট শিশুটির শরীর খুব গরম ছিল। তবে শিশুটি শারীরিকভাবে অক্ষত ছিল বলে ধারণা করা হচ্ছে।”

শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার মেডিকেল পরীক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছেন তারা।

পুলিশ জানিয়েছে, “আমরা বাস চালককে ধন্যবাদ জানাতে চাই, যিনি অস্বাভাবিক কিছু লক্ষ্য করে তাৎক্ষণিক পদক্ষেপ নেন, যা আরও খারাপ পরিণতি থেকে শিশুটিকে রক্ষা করে।”

এই ঘটনায় ওই মহিলা এবং শিশুর মধ্যে সম্পর্ক প্রকাশ করা হয়নি।

মহিলাটিকে সোমবার দেশটির নর্থ শোর জেলা আদালতে হাজির করার কথা রয়েছে বলে জানা যায়।

Scroll to Top